চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পৃথক দুটি অভিযানে মোট ৩১০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলার বোয়ালিয়া ও পার্বতীপুর ইউনিয়নের পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানটি পরিচালনা করা হয় বৃহস্পতিবার দুপুর ১টা ৫ মিনিটে। গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা-১ গ্রামের ঈদগাহ মাঠের পূর্ব পাশের একটি ফাঁকা কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে মো. আরিফ (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মো. আশুরুদ্দিনের ছেলে। পুলিশ তার হেফাজত থেকে ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে বলে জানায়।
একই দিন রাত ১০টা ৫০ মিনিটে দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিরস্ত্র) মো. আউয়াল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পার্বতীপুর ইউনিয়নের আনারপুর গ্রামের মাধাইপুর থেকে জাতাহারগামী সড়কের পাশে একটি আমবাগানে অভিযান চালান। সেখান থেকে মো. রুমোন আলী (২০) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তিনি নিমাইন আনারপুর গ্রামের মো. সানাউল হকের ছেলে। তার হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গোমস্তাপুর থানার ইনচার্জ নুরে আলম জানান, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। জেলা পুলিশ মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।
ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি