মৌসুম শুরুর আগেই রাজশাহী নগরীতে এডিস মশার প্রজনন উদ্বেগজনক হারে বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, নগরীর এডিস প্রজনন সূচক বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত ঝুঁকিসীমার অনেক ওপরে অবস্থান করছে। ফলে আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
গত মে মাসে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত প্রাক-বর্ষা কীটতাত্ত্বিক জরিপে রাজশাহী নগরীর ব্রেটো ইনডেক্স (বিআই) পাওয়া গেছে ৩০ দশমিক ৬৬। ডব্লিউএইচওর নির্দেশনা অনুযায়ী, এই সূচক ২০-এর বেশি হলে ডেঙ্গু সংক্রমণের উচ্চ ঝুঁকি হিসেবে বিবেচিত হয় এবং মশা নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয়।
জরিপে নগরীর বিভিন্ন এলাকার ৭৫টি বাড়ি পরিদর্শন করা হয়। এর মধ্যে ১৫টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। ফলে হাউস ইনডেক্স দাঁড়িয়েছে ২০ শতাংশ। এছাড়া পরীক্ষা করা ৫২টি পানিধারক পাত্রের মধ্যে ২৩ টিতে লার্ভা শনাক্ত হওয়ায় কনটেইনার ইনডেক্স পাওয়া গেছে ৪৪ দশমিক ২৩ শতাংশ।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, বর্ষা শুরু হওয়ার আগেই নগরীর বিভিন্ন এলাকায় এডিস মশার সক্রিয় প্রজননের প্রমাণ মিলেছে। বৃষ্টিপাত শুরু হলে এবং বিভিন্ন স্থানে পানি জমে থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের এন্টো-টেকনিশিয়ান আব্দুল বারী বলেন, নিয়মিত প্রাক-বর্ষা নজরদারির অংশ হিসেবে জরিপটি পরিচালনা করা হয়েছে। বর্তমানে নগরীতে লার্ভা ও পূর্ণবয়স্ক মশার সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে।
আবু সাইদ, স্টাফ রিপোর্টার, রাজশাহী বিভাগ