পরিস্থিতি অনুকূলে এলে ধাপে ধাপে জ্বালানির দাম কমানো হবে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পরিস্থিতি অনুকূলে এলে ধাপে ধাপে জ্বালানির দাম কমানো হবে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2026 ইং
পরিস্থিতি অনুকূলে এলে ধাপে ধাপে জ্বালানির দাম কমানো হবে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ছবির ক্যাপশন:

বৈশ্বিক জ্বালানি বাজারে মূল্য পরিস্থিতি অনুকূলে এলে দেশের জ্বালানির দাম ধাপে ধাপে আরও কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারও প্রয়োজনীয় মূল্য সমন্বয় করছে, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কিছুটা কমে এবং ভোক্তারা স্বস্তি পান।

শুক্রবার দুপুরে যশোর সার্কিট হাউজে জেলার পল্লী বিদ্যুৎ সমিতি এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)-এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, দেশের এলপিজি গ্যাসের প্রায় ৯৮ শতাংশই আমদানিনির্ভর এবং এ খাতের কার্যক্রম মূলত বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়। ফলে আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামার সরাসরি প্রভাব দেশের বাজারেও পড়ে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় দেশীয় বাজারেও এর প্রভাব অনুভূত হয়েছে এবং গৃহস্থালি পর্যায়ের ভোক্তাদের অতিরিক্ত ব্যয় বহন করতে হয়েছে।

তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার সম্প্রতি এলপিজি সিলিন্ডারের মূল্য উল্লেখযোগ্য পরিমাণে কমিয়েছে। এর ফলে সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয় কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। ভবিষ্যতেও আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য অনুকূল থাকলে ধাপে ধাপে আরও মূল্য সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

বিদ্যুৎ খাতের বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, চলমান গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে। কোথাও বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ উঠলে তা দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব অভিযোগ দ্রুত তদন্ত ও সমাধানের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, জনগণকে মানসম্মত ও সময়োপযোগী সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল, জবাবদিহিমূলক ও আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেবার মান উন্নয়নের মাধ্যমে গ্রাহকদের ভোগান্তি কমানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

মতবিনিময় সভায় যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বিদ্যুৎ সরবরাহ, গ্রাহকসেবা, অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামায়াতের সঙ্গে শপথ নিলেও রুমিন-ইশরাক বেরিয়ে গেলেন

জামায়াতের সঙ্গে শপথ নিলেও রুমিন-ইশরাক বেরিয়ে গেলেন