সীমান্তে বিজিবির টহল জোরদার, ড্রোনে নজরদারি বৃদ্ধি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সীমান্তে বিজিবির টহল জোরদার, ড্রোনে নজরদারি বৃদ্ধি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2026 ইং
সীমান্তে বিজিবির টহল জোরদার, ড্রোনে নজরদারি বৃদ্ধি ছবির ক্যাপশন:

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাত এবং সীমান্তসংলগ্ন এলাকায় বিমান হামলার ঘটনার পর কক্সবাজারের টেকনাফ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখতে স্থল ও নৌ টহলের পাশাপাশি ড্রোনের মাধ্যমেও সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হচ্ছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে টেকনাফ ২ বিজিবির লেফটেন্যান্ট ফুয়াদ রহমানের নেতৃত্বে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া, বরইতলী ও জাদিমোড়া সীমান্ত এলাকায় টহল পরিচালনা করা হয়। একই সময়ে নাফ নদীতে নৌ টহল আরও জোরদার করা হয় এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় ড্রোন ব্যবহার করে সীমান্তজুড়ে নজরদারি অব্যাহত রাখা হয়।

বিজিবি জানিয়েছে, টেকনাফ থেকে শাহপরীর দ্বীপ ও হ্নীলা পর্যন্ত পুরো সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। নতুন করে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ, চোরাচালান কিংবা সীমান্ত পরিস্থিতির অবনতি ঠেকাতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার পর মিয়ানমারের মংডু ও আশপাশের এলাকায় কয়েক দফা বিমান হামলার বিকট বিস্ফোরণের শব্দ টেকনাফ সীমান্ত পর্যন্ত শোনা যায়। বৃহস্পতিবার সকাল ৮টার দিকেও আবার বিস্ফোরণের শব্দ শোনা গেলে সীমান্তবর্তী এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক স্থানীয় বাসিন্দা প্রথমে এটিকে ভূমিকম্প মনে করে ঘর থেকে বেরিয়ে আসেন।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্তের ওপারে বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগ সৃষ্টি হলেও বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

স্থানীয় বাসিন্দারাও সীমান্তের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা ছৈয়দ আলম জানান, বুধবার রাতে কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বৃহস্পতিবার সকালেও আবার বিস্ফোরণের শব্দ হয়। পরে সীমান্তের ওপারে আগুনের লেলিহান শিখা দেখা যায়। এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং নিরাপত্তার শঙ্কায় নাফ নদীতে অনেক জেলে মাছ ধরতে যেতে সাহস পাচ্ছেন না।

অন্যদিকে, একটি রোহিঙ্গা শিবিরের বাসিন্দা আজম উল্লাহ দাবি করেন, বুথিডং এলাকার চারলাইন ঘাঁটিকে লক্ষ্য করে জান্তা বাহিনী বিমান হামলা চালিয়েছে। তার দাবি অনুযায়ী, এতে কয়েকটি রোহিঙ্গা গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সঙ্গে তিনি জানান, চলমান সংঘাতের কারণে অনেক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সীমান্তের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখার পাশাপাশি যেকোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাম্পের হামলা হুমকির প্রেক্ষাপটে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামে

ট্রাম্পের হামলা হুমকির প্রেক্ষাপটে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামে