রাকসু তহবিলের ১৮ লাখ টাকার হিসাব দেননি আম্মার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাকসু তহবিলের ১৮ লাখ টাকার হিসাব দেননি আম্মার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
রাকসু তহবিলের ১৮ লাখ টাকার হিসাব দেননি আম্মার ছবির ক্যাপশন:

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) তহবিল থেকে সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার ২৩ লাখ ৮৮ হাজার টাকা উত্তোলন করেছেন। এর মধ্যে মাত্র ৫ লাখ ৪৯ হাজার টাকার বিল-ভাউচার জমা দেওয়া হয়েছে। ফলে উত্তোলন করা ১৮ লাখ ৩৯ হাজার টাকার হিসাব এখনো জমা হয়নি।

রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ের ব্যয়ের বিবরণীসংক্রান্ত নথি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। নথি অনুযায়ী, সাত ধাপে জিএস আম্মারের নামে মোট ২৩ লাখ ৮৮ হাজার টাকা উত্তোলন করা হয়। এর মধ্যে প্রায় ৭৭ শতাংশ অর্থের বিল-ভাউচার এখনো জমা পড়েনি।

নথিতে দেখা যায়, ১৫ জানুয়ারি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় বুথ স্থাপনের জন্য ৩ লাখ ২ হাজার টাকা, ২৭ জানুয়ারি রাকসু সদস্যদের জানুয়ারি মাসের বাজেট বাবদ ১৩ লাখ ৭৭ হাজার টাকা এবং ১৩ এপ্রিল রাকসু সদস্যদের দাপ্তরিক খরচের জন্য ১ লাখ ৬০ হাজার টাকা উত্তোলন করা হয়। এই তিন ধাপে উত্তোলন করা মোট ১৮ লাখ ৩৯ হাজার টাকার বিল-ভাউচার জমা হয়নি।

বিল-ভাউচার জমা না দেওয়ার বিষয়ে জিএস সালাউদ্দিন আম্মার বলেন, ভর্তি পরীক্ষার বুথ স্থাপনের সময় ভ্যাট যুক্ত করার বিষয়টি জানা না থাকায় ৩ লাখ টাকার হিসাব সমন্বয় করে বিল করতে সমস্যা হয়েছে। ১৩ লাখ ৭৭ হাজার টাকার বিষয়ে তিনি জানান, ওই অর্থের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদকের হিসাব না আসায় তা জমা দেওয়া হয়নি।

রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক সেতাউর রহমান বলেন, কর্মসূচি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিল-ভাউচার জমা দেওয়া উচিত। যেসব বিল-ভাউচার এখনো জমা হয়নি, সেগুলো নিয়ম অনুযায়ী জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে।

রাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলামও জানিয়েছেন, যেকোনো কর্মসূচি শেষ হওয়ার পর বিল-ভাউচারসহ আর্থিক হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক। কেন সব ভাউচার এখনো জমা পড়েনি, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।

রাকসুর ব্যয়ের নথি অনুযায়ী, বর্তমান পরিষদের বিভিন্ন কর্মসূচির জন্য তহবিল থেকে মোট ১ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৬৮৯ টাকা বরাদ্দ নেওয়া হয়েছে। এর মধ্যে ৬১ লাখ ৫০ হাজার ৪৬৮ টাকার বিল-ভাউচার এখনো জমা পড়েনি। বকেয়া হিসাবের মধ্যে সবচেয়ে বেশি অর্থ রয়েছে জিএস সালাউদ্দিন আম্মারের নামে উত্তোলন করা অর্থের।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
স্বাস্থ্যসেবা সম্প্রসারণে প্রধানমন্ত্রীর ই-হেলথ কার্ড ঘোষণা

স্বাস্থ্যসেবা সম্প্রসারণে প্রধানমন্ত্রীর ই-হেলথ কার্ড ঘোষণা