রাজশাহীর মোহনপুরে পারিবারিক বিরোধের জেরে ফাহিমা (৪২) নামে এক গৃহবধূর ডান হাতের কব্জি ধারালো অস্ত্রের আঘাতে বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বাকশিমইল ইউনিয়নের করিশা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, ফাহিমার ওপর হামলা চালান তাঁর ননদের স্বামী জালাল উদ্দিন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শরিফুল ইসলামের পরিবারের সঙ্গে জালাল উদ্দিনের বিরোধ চলছিল।
শনিবার সন্ধ্যায় জালাল উদ্দিন চাপাতি নিয়ে শরিফুলের স্ত্রী ফাহিমার ওপর হামলা চালান বলে অভিযোগ। এ সময় তিনি ফাহিমাকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। একপর্যায়ে চাপাতির কোপে তাঁর ডান হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়।
গুরুতর আহত অবস্থায় ফাহিমাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পরদিন রোববার শরিফুল ইসলাম স্ত্রীর বিচ্ছিন্ন কব্জি একটি পাত্রে নিয়ে মোহনপুর থানায় হাজির হন। তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার জানান, ঘটনার পর পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে অভিযুক্ত জালাল উদ্দিন ও তাঁর সহযোগী রবিউলকে গ্রেপ্তার করেছে।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আবু সাইদ, স্টাফ রিপোর্টার, রাজশাহী বিভাগ