সাভারের আশুলিয়ায় একটি মাদরাসার নির্মাণাধীন ভবনের ওয়াশরুম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৪। বৃহস্পতিবার (১৮ জুন) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে বুধবার (১৭ জুন) বিকেলে আশুলিয়া থানার শ্রীপুর গণকবাড়ী এলাকায় অবস্থিত তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদরাসার নির্মাণাধীন ভবনে অভিযান চালায় র্যাব-৪ এর সিপিসি-২, নবীনগর ক্যাম্পের একটি টহল দল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মাদরাসা প্রাঙ্গণের অভিভাবকদের ওয়েটিং রুমের পাশে নির্মাণাধীন ওয়াশরুমে মাদকদ্রব্য মজুদ করা হয়েছে।
এরপর স্থানীয় দুইজন সাক্ষীর উপস্থিতিতে ওয়াশরুমে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ওয়াশরুমের পূর্ব-দক্ষিণ কোণের টয়লেটের মেঝেতে কয়েকটি ইটের নিচ থেকে একটি ছেঁড়া হলুদ রঙের শপিং ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি রিভলবার ও দুই রাউন্ড ২২ বোরের গুলিসদৃশ বস্তু পাওয়া যায়।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তবে এসব অস্ত্র সেখানে কে বা কারা রেখে গেছে এবং এর উৎস কী—তা উদঘাটনে তদন্ত চলমান রয়েছে।
এ ঘটনায় স্থানীয় এলাকায় কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এলাকায় অবৈধ অস্ত্র ও সন্দেহজনক কার্যক্রমের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করা হবে।
কসমিক ডেস্ক