বিএনপিকে নিয়ে মন্তব্যে শিবচরে রাজনৈতিক উত্তাপ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিএনপিকে নিয়ে মন্তব্যে শিবচরে রাজনৈতিক উত্তাপ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 14, 2026 ইং
বিএনপিকে নিয়ে মন্তব্যে শিবচরে রাজনৈতিক উত্তাপ ছবির ক্যাপশন:
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিএনপিকে উদ্দেশ করে দেওয়া তার একটি মন্তব্যকে কেন্দ্র করে শিবচর উপজেলাজুড়ে রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে শিবচর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর মাঠে আয়োজিত একটি ইফতার মাহফিলে বক্তব্য দেন তিনি। ওই অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

চার মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওটি শুক্রবার রাত থেকেই ব্যাপকভাবে ভাইরাল হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ভিডিওতে সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, দেশের প্রবাসীসহ সাধারণ মানুষ তাদের প্রতি আস্থা রেখেছেন এবং ভোট দিয়ে বিজয়ী করেছেন। তাই তাদের দায়িত্ব জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজনীতি করা।

তিনি বলেন, গত কয়েকদিন ধরে লক্ষ্য করছেন, শিবচরের বিএনপি নেতাকর্মীদের কেউ কেউ তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি ও সমালোচনা করছেন।

এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি নির্বাচিত হওয়ার পর আমার নেতাকর্মীরা কারও সঙ্গে খারাপ ব্যবহার করেনি বা কাউকে হুমকি দেয়নি।”

তিনি আরও বলেন, “আমি চুপ করে আছি মানে এই নয় যে আমার কোনো ক্ষমতা নেই। আমি শান্তি চাই, শিবচরের সবাইকে নিয়ে কাজ করতে চাই।”

ভিডিও বক্তব্যে তিনি বলেন, “যদি কেউ মনে করেন হানজালা চুপ করে আছে মানে দুর্বলতা, তাহলে সেটা ভুল ধারণা। আমি শিবচরের মাটিতে শান্তি চাই বলেই চুপ করে আছি।”

এ সময় বিএনপিকে উদ্দেশ করে দেওয়া তার একটি বক্তব্যই মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি আলোচনার জন্ম দেয়।

তিনি বলেন, “আমি হানজালা যদি বিএনপিকে খোঁচাখুঁচি করি, তাহলে বিএনপি এ দেশে থাকতে পারবে না।”

এছাড়া তিনি আরও বলেন, শিবচরের রাজনীতি শুধু উপজেলা পর্যায়ের মধ্যে সীমাবদ্ধ নয় এবং তিনি জাতীয় পর্যায়ের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

ভিডিও বক্তব্যে তিনি দাবি করেন, তার জায়গায় অন্য কেউ এমপি হলে হয়তো অনেক কঠোর আচরণ করতেন।

তিনি বলেন, “আমার জায়গায় অন্য কেউ হলে আপনাদের বাড়িঘরে থাকতে দিত না, ঠিকমতো চলাফেরা করতে দিত না। কিন্তু আমি শিবচরের মানুষকে বাকস্বাধীনতা দিয়েছি।”

তার দাবি অনুযায়ী, আগের এমপির সময় কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পেত না, কিন্তু তিনি সমালোচনার সুযোগ দিয়েছেন।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা চৌধুরীকে পরাজিত করে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীক নিয়ে বিজয়ী হন সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর শিবচর এলাকায় এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, একজন সংসদ সদস্য হিসেবে এ ধরনের বক্তব্য দেওয়া উচিত হয়নি বলে তারা মনে করেন।

তাদের মতে, এমন বক্তব্য রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশে প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে শিবচর উপজেলা বিএনপির সদস্যসচিব মো. সোহেল রানা এই বক্তব্যের সমালোচনা করেছেন।

তিনি বলেন, শিবচরের বর্তমান এমপি ও তার পরিবার অতীতে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে তাদের দাবি।

তার অভিযোগ, এমপি হানজালার বক্তব্যের মাধ্যমে শিবচরের রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে শিবচরে যে শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ রয়েছে, সেটিকে অস্থির করে তোলার উদ্দেশ্য থেকেই এমন মন্তব্য করা হয়েছে বলে তাদের ধারণা।

নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ভোট কারচুপির চেষ্টা হলে গণআন্দোলনের হুঁশিয়ারি জাগপার

ভোট কারচুপির চেষ্টা হলে গণআন্দোলনের হুঁশিয়ারি জাগপার