চট্টগ্রাম-১৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করার পর সোমবার (১৩ জুলাই) ভোর ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম চৌধুরী দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কয়েক দিন আগে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে সোমবার ভোরে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নজরুল ইসলাম চৌধুরীর ভাগিনা মফিজুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাত ১০টায় চট্টগ্রাম শহরের বিভারলি হিল সোসাইটিতে অবস্থিত বাসার সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মঙ্গলবার সকাল ১১টায় চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
রাজনৈতিক জীবনে নজরুল ইসলাম চৌধুরী চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসন থেকে তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন এবং জাতীয় সংসদ বিলুপ্ত হলে তার সংসদ সদস্য পদও বিলুপ্ত হয়। এরপর তিনি জনসম্মুখে খুব কম দেখা যান।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন, স্বজন এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তার কর্মজীবন ও রাজনৈতিক অবদানের কথা স্মরণ করে গভীর শোক প্রকাশ করছে।
কসমিক ডেস্ক