স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে রাজধানীর কলাবাগানের বাসায় এসেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে কঠোর পুলিশি পাহারায় ভ্যানে করে তাকে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকার কলাবাগানের বাসায় নেওয়া হয়। সেখানে স্বামীর মরদেহ দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েন দীপু মনি। এ সময় তার স্বজনরাও আবেগপ্রবণ হয়ে পড়েন।
দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জানান, তারা চার দিনের প্যারোলের আবেদন করেছিলেন। তবে মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী দিনের আলোর ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেন। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই প্যারোল কার্যকর থাকবে।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, তৌফিক নেওয়াজের মরদেহ কলাবাগানের বাসা থেকে গুলশান আজাদ মসজিদে নেওয়া হবে। বাদ জোহর সেখানে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
দাফন শেষে নির্ধারিত সময়ের মধ্যে সন্ধ্যা ৬টার মধ্যে দীপু মনিকে মুন্সীগঞ্জ কারাগারে ফিরে যেতে হবে বলে জানিয়েছেন তার আইনজীবী।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা একাধিক মামলায় আসামি হিসেবে দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দী রয়েছেন। স্বামীর মৃত্যুর পর প্যারোলের জন্য বুধবার তার মেয়ে তানী দীপাবলি ও আইনজীবী গাজী ফয়সাল ইসলাম মুন্সীগঞ্জ জেলা কারাগারে আবেদন করেন।
কসমিক ডেস্ক