ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের কোনো মহাসড়কে আর থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৮ আগস্ট) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তিনির্ভর অটো ফাইন সিস্টেম ক্যামেরার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, থ্রি-হুইলারগুলো শুধু স্থানীয় বাজার, ফিলিং স্টেশন ও ফিডার রোডে চলাচল করতে পারবে। কোনো অবস্থাতেই এসব যানবাহনকে মহাসড়কে উঠতে দেওয়া হবে না। নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলাচল করলে সংশ্লিষ্ট যানবাহন ও চালকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মহাসড়কে শৃঙ্খলা ফেরানো এবং পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে দেশে প্রথমবারের মতো এআই প্রযুক্তিনির্ভর অটো ফাইন সিস্টেম চালু করা হয়েছে বলেও জানান তিনি।
এই ব্যবস্থায় মহাসড়কে ট্রাফিক আইন অমান্য হলে কোনো মানুষের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে মামলা ও জরিমানার প্রক্রিয়া তৈরি হবে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং এবং উল্টো পথে গাড়ি চালানোর মতো আইন লঙ্ঘন শনাক্ত করবে এআই ক্যামেরা।
হাইওয়ে পুলিশ জানায়, কোনো গাড়ির আইন লঙ্ঘন শনাক্ত হলে নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে মামলার তথ্য ও জরিমানার নোটিশ পাঠানো হবে। পরে নির্দিষ্ট মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে ঘরে বসেই জরিমানার অর্থ পরিশোধ করা যাবে।
মহাসড়কে চাঁদাবাজির বিষয়েও এআই ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মালিক বা শ্রমিক—যে পক্ষই চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকুক, এআই ক্যামেরায় সংশ্লিষ্ট ঘটনা রেকর্ড থাকবে। এতে চাঁদাবাজির সুযোগ কমার পাশাপাশি জড়িতদের শনাক্ত করা সহজ হবে বলে জানান তিনি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থাপিত ক্যামেরার কার্যক্রমে কোনো ভুলত্রুটি ধরা পড়লে তা সংশোধন করা হবে। পরবর্তী সময়ে দেশের অন্যান্য মহাসড়কেও এই প্রযুক্তি স্থাপন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কসমিক ডেস্ক