অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য অবসর ও কল্যাণ তহবিল বিতরণে সরকারি সিদ্ধান্ত
অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের অর্থপ্রাপ্তির ভোগান্তি কমাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে দেশের ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত এক বৈঠকে এ বিষয়ে সম্মতি দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন। বৈঠকে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের আর্থিক সুবিধা দ্রুত পৌঁছে দেওয়ার বিষয়টি গুরুত্ব পায়।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, কল্যাণ ট্রাস্টের অর্থ পাবেন ৪৪ হাজার শিক্ষক-কর্মচারী, আর অবসর সুবিধা বোর্ডের অর্থ পাবেন ৭৫ হাজার শিক্ষক-কর্মচারী। এভাবে মোট ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারী এই সিদ্ধান্তের আওতায় আসবেন।
সূত্রটি আরও জানিয়েছে, কল্যাণ ট্রাস্টের পুরো অর্থই শিক্ষক-কর্মচারীদের প্রদান করা হতে পারে। অন্যদিকে, অবসর সুবিধা বোর্ড থেকে প্রত্যেককে ৫ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৫ আগস্ট এই অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে ১৪ আগস্ট এ বিষয়ে বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ওই সংবাদ সম্মেলনে অর্থ বিতরণের প্রক্রিয়া, বাস্তবায়ন পদ্ধতি এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ কর্মসূচির মাধ্যমে বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী আর্থিক সুবিধার আওতায় আসবেন।
কসমিক ডেস্ক