প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় আপাতত বড় ধরনের পরিবর্তন না হলেও নতুন করে দুই সংসদ সদস্য যুক্ত হতে যাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে মন্ত্রিসভায় নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
সূত্র অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। তাঁদের নিয়োগের বিষয়ে বৃহস্পতিবার, ২০ আগস্ট, প্রজ্ঞাপন জারি হতে পারে। এরপর নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে তাঁরা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেবেন বলে জানা গেছে।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে সাচিং প্রু জেরীকে দায়িত্ব দেওয়ার বিষয়টি পাহাড়ি অঞ্চলের রাজনৈতিক প্রতিনিধিত্ব ও উন্নয়ন ইস্যুর সঙ্গে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এর আগে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ১ জুন তিনি পদত্যাগ করেন। বর্তমানে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
অন্যদিকে গাইবান্ধা-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক লাখ ৪২ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হন শামীম কায়সার লিংকন। তাঁকে ধর্ম প্রতিমন্ত্রী করার আলোচনা কয়েক দিন ধরেই চলছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বর্তমানে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যসংখ্যা ৫০। এর মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। নতুন দুই সদস্য যুক্ত হলে মন্ত্রিসভার আকার আরো বাড়বে।
তবে সম্ভাব্য নিয়োগের বিষয়ে সাচিং প্রু জেরী নিজে জানিয়েছেন, মন্ত্রিসভায় যুক্ত হওয়ার বিষয়ে তাঁর কিছু জানা নেই। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনও বিষয়টি সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছেন।
এদিকে ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের পর নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের প্রস্তুতি চলছে বঙ্গভবনে। মন্ত্রিসভার নতুন দুই সদস্যের শপথও সেই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হতে পারে।
কসমিক ডেস্ক