কাঁচামরিচের কেজি ৪০০ টাকা, ক্রেতাদের নাভিশ্বাস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কাঁচামরিচের কেজি ৪০০ টাকা, ক্রেতাদের নাভিশ্বাস

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
কাঁচামরিচের কেজি ৪০০ টাকা, ক্রেতাদের নাভিশ্বাস ছবির ক্যাপশন:

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বিভিন্ন খুচরা বাজারে হঠাৎ করেই কাঁচামরিচের দাম বেড়ে প্রতি কেজি ৪০০ টাকায় পৌঁছেছে। কয়েক দিনের ব্যবধানে এমন মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতারা।

উপজেলার ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে প্রতি কেজি কাঁচামরিচ ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য সবজির দামও বেড়েছে, যা সাধারণ মানুষের সংসারের বাজেটে বাড়তি চাপ তৈরি করেছে।

বাজারে আসা গৃহিণী নাজমা আক্তার বলেন, মাছ-মাংসের পর এখন সবজিও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। কাঁচামরিচের মতো একটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ৪০০ টাকা হওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

আরেক ক্রেতা কজল মিয়া বলেন, বাড়তি দামের কারণে প্রয়োজন অনুযায়ী বাজার করা সম্ভব হচ্ছে না। কাঁচামরিচসহ অন্যান্য সবজিও আগের তুলনায় বেশি দামে কিনতে হচ্ছে।

ব্যবসায়ীদের দাবি, টানা বৃষ্টির কারণে পাইকারি বাজারে কাঁচামরিচের দাম বেড়েছে। লক্ষ্মীপুর বাজারের সবজি ব্যবসায়ী শরিফুল ইসলাম জানান, কয়েক দিন আগেও কাঁচামরিচ ২৫০ থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে পাইকারি দাম বেড়ে যাওয়ায় ৪০০ টাকায় বিক্রি করতে হচ্ছে।

আরেক ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, বৃষ্টিতে অনেক মরিচখেত ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। ফলে দাম দ্রুত বেড়েছে।

উপজেলার জাপরাবাদ বাজারেও একই চিত্র দেখা গেছে। সেখানে এক ক্রেতা জানান, তিনি ২০ টাকার কাঁচামরিচ কিনতে চাইলে বিক্রেতা জানান, ওই দামে মরিচ দেওয়া সম্ভব নয়; অন্তত ৪০ টাকার ১০০ গ্রাম কিনতে হবে।

এদিকে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন খন্দকার জানিয়েছেন, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নতুন প্রধানমন্ত্রীর জন্য বাসভবন নির্মাণের প্রস্তুতি শুরু

নতুন প্রধানমন্ত্রীর জন্য বাসভবন নির্মাণের প্রস্তুতি শুরু