দেশের পর্যটন খাতকে আধুনিক ও সময়োপযোগী করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। এর অংশ হিসেবে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলনবিলকে ঘিরে ইকো-ট্যুরিজম প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই করা হবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (৮ আগস্ট) তাড়াশ উপজেলার দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় পর্যটনমন্ত্রী এসব কথা বলেন।
আফরোজা খানম বলেন, বাংলাদেশের বৃহত্তম বিল চলনবিল। এর প্রাকৃতিক সৌন্দর্য প্রতিবছর দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করে। একই সঙ্গে চলনবিলের বিস্তৃত জলাভূমি ও জীববৈচিত্র্যের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে, যা পর্যটনের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা সম্ভব।
মন্ত্রী চলনবিলকে দেশের জাতীয় সম্পদ হিসেবে উল্লেখ করে বলেন, এর পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি সেখানে পরিদর্শনে এসেছেন। সম্ভাবনা যাচাইয়ের পর পরিবেশ ও জীববৈচিত্র্য বিবেচনায় নিয়ে পর্যটন উন্নয়নের পরিকল্পনা নেওয়া হবে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় স্থানীয় পর্যায়ে চলনবিলের পর্যটন সম্ভাবনা, অবকাঠামো উন্নয়ন এবং পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফছার আলীর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান এবং তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে চলনবিলের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যকে কেন্দ্র করে নতুন পর্যটনকেন্দ্র গড়ে ওঠার পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের সুযোগও বাড়তে পারে।
কসমিক ডেস্ক