সাংবাদিক কাজী জেসিনকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এক বছরের চুক্তিতে কাজী জেসিনকে বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এই দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য যেকোনো প্রতিষ্ঠান, পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
সরকারি আদেশ অনুযায়ী, যোগদানের তারিখ থেকেই নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
এদিকে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে বিটিভির মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালনকারী মো. মাহবুবুল আলমের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
এই নিয়োগের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশনের শীর্ষ প্রশাসনিক নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কসমিক ডেস্ক