ডলারের বাজারে নতুন চাপ, বাড়ছে জ্বালানি আমদানির ব্যয় The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ডলারের বাজারে নতুন চাপ, বাড়ছে জ্বালানি আমদানির ব্যয়

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
ডলারের বাজারে নতুন চাপ, বাড়ছে জ্বালানি আমদানির ব্যয় ছবির ক্যাপশন:

জ্বালানি আমদানির ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়া, রেমিট্যান্স প্রবাহে ধীরগতি এবং ডলারের সরবরাহ কমে যাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রাবাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে ডলারের বিনিময় হার। প্রায় দেড় মাস ধরে ব্যাংকগুলোকে আগের তুলনায় বেশি দামে ডলার কিনতে হচ্ছে। গত মে মাসে যেখানে প্রতি ডলারের দাম ছিল ১২২ টাকা ৪৫ পয়সা, বর্তমানে তা বেড়ে প্রায় ১২৪ টাকায় পৌঁছেছে।

ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও এলএনজির দাম বৃদ্ধির কারণে সরকারি পর্যায়ে এলসি খোলার পরিমাণ বেড়েছে। ফলে জ্বালানি আমদানির বিল পরিশোধে অতিরিক্ত ডলারের প্রয়োজন হচ্ছে। একই সময়ে রেমিট্যান্স প্রবাহ প্রত্যাশিত হারে না বাড়া এবং রপ্তানি আয় কমে যাওয়ায় ডলারের সরবরাহও চাপে পড়েছে।

বাংলাদেশ ব্যাংক পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাংকগুলোর জন্য ডলারের বিনিময় হার নির্ধারণ করে দিলেও অর্থনীতিবিদ ও ব্যাংকারদের একটি অংশ মনে করছেন, বাজারের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে টাকার বিনিময় হার দুই থেকে তিন টাকা পর্যন্ত সমন্বয় করা প্রয়োজন। তাদের মতে, অতিরিক্ত প্রশাসনিক হস্তক্ষেপের পরিবর্তে বিলাসী পণ্যের আমদানিতে কড়াকড়ি আরোপসহ অন্যান্য নীতিগত পদক্ষেপ গ্রহণ করলে ডলারের চাহিদা নিয়ন্ত্রণে রাখা সহজ হতে পারে।

ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী, জুন মাসের শুরুতে ব্যাংকগুলো প্রায় ১২৩ টাকা দরে ডলার কিনলেও বর্তমানে কিছু ব্যাংক ১২৩ টাকা ৯০ থেকে ৯৫ পয়সা পর্যন্ত দরে ডলার সংগ্রহ করছে। এদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং সার আমদানির জন্য মাসিক বৈদেশিক মুদ্রার চাহিদাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৬ দশমিক ৪৫ বিলিয়ন ডলার, যা দিয়ে পাঁচ মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব। তবে জ্বালানি আমদানির ক্রমবর্ধমান ব্যয় এবং ডলারের ওপর অব্যাহত চাপের কারণে রিজার্ভ ধরে রাখা নিয়েও উদ্বেগ রয়েছে।

অর্থনীতিবিদদের মতে, দীর্ঘমেয়াদে বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে বাজারভিত্তিক বিনিময় হার, রপ্তানি ও রেমিট্যান্স বৃদ্ধি এবং অপ্রয়োজনীয় আমদানি নিয়ন্ত্রণে কার্যকর নীতি গ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
আনন্দ শোভাযাত্রায় মুখর জয়পুরহাট, বৈশাখ বরণে উৎসব

আনন্দ শোভাযাত্রায় মুখর জয়পুরহাট, বৈশাখ বরণে উৎসব