দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। সোমবার এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলারে। এই হিসাব পদ্ধতিতে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে প্রকৃত বা নিট রিজার্ভ নির্ধারণ করা হয়।
এর আগে গত ২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৩ দশমিক ২৪ বিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৮ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। এক সপ্তাহের ব্যবধানে উভয় হিসাবেই রিজার্ভ বৃদ্ধির তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, প্রবাসী আয় প্রবাহ, রপ্তানি আয়ের স্থিতিশীলতা এবং বৈদেশিক লেনদেনে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার ফলে রিজার্ভে এই ইতিবাচক পরিবর্তন এসেছে। রিজার্ভের এই অগ্রগতি দেশের বৈদেশিক লেনদেন সক্ষমতা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
কসমিক ডেস্ক