রাউজানে বিএনপি কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাউজানে বিএনপি কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 ইং
রাউজানে বিএনপি কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক ছবির ক্যাপশন:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে উত্তেজনার মধ্যে এক বিএনপি কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের শমসের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী রুস্তম আলী সম্প্রতি দেশে ফিরেছেন। বুধবার দুপুরে ১৪-১৫ জনের একটি সশস্ত্র দল তার বাড়ির সামনে এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে অভিযোগ রয়েছে। এ সময় ঘরের গ্রিলে আঘাত করা হয় এবং চিৎকার-চেঁচামেচির পর তারা দ্রুত এলাকা ত্যাগ করে। আকস্মিক এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা ভীত হয়ে পড়েন। পাশের বাড়ির বাসিন্দা আবদুল মান্নান বলেন, “হঠাৎ বিকট শব্দে কয়েকটি গুলির আওয়াজ পাই। আমরা কেউ ঘর থেকে বের হতে সাহস পাইনি। নির্বাচনের আগে এমন ঘটনা উদ্বেগের।”

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে অভিযুক্তরা পালিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেও হামলাকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

দলীয় সূত্রে দাবি করা হয়েছে, রুস্তম আলী রাউজান আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেনাবাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জানা গেছে, কয়েকটি ফাঁকা গুলি ছোড়া হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।” তিনি জানান, কারা জড়িত এবং ঘটনার পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ধর্মের ভাষায় ভোটের ডাক, সামনে নারী কর্মীরা

ধর্মের ভাষায় ভোটের ডাক, সামনে নারী কর্মীরা