মাগুরার একটি হত্যা মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে মাগুরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. নাসির উদ্দিন এ রায় ঘোষণা করেন।
রায়ে দণ্ডপ্রাপ্তরা হলেন—আব্দুল জলিল, লিয়াকত আলী, নওসের মোল্লা, হালিম মোল্লা, সাবু শেখ ও জহুর মোল্লা। প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৯ ডিসেম্বর মাগুরা সদর উপজেলা-এর সংকোচখালী গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে পবন মোল্লা নিহত হন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ২৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।
দীর্ঘ ১৮ বছর বিচারিক কার্যক্রম শেষে আদালত আটজন আসামির বিরুদ্ধে রায় দেন। এর মধ্যে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া আসামি আকবর শেখকে দণ্ডবিধির ৩২৪ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং সিদ্দিককে ৩২৩ ধারায় ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি আসামিদের বেকসুর খালাস প্রদান করা হয়।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত নওশের মোল্লার ছেলে মোস্তাফিজুর রহমান বলেন, তারা এই রায়ে সন্তুষ্ট নন এবং উচ্চ আদালতে আপিল করবেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আবুল কালাম আজাদ জানান, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।
কসমিক ডেস্ক