শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান মাদবরকে যৌথবাহিনী আটক করেছে। অভিযানের সময় তার বাড়ি তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় ও আগ্নেয়াস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
জাজিরা ক্যাম্পের কমান্ডার মেজর আশরাফ আহমেদ জানান, মঙ্গলবার গভীর রাতে সদর আলী মাদবর কান্দি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। মজিবর রহমান দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, ২০১২ সালে দল থেকে বহিষ্কার হওয়ার পর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বিএনপিতে যোগ দেন।
প্রশাসন সূত্র জানিয়েছে, তার কাছে অবৈধ অস্ত্র থাকার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। বাড়িতে তল্লাশিতে পিস্তলের কভার, স্লাইড, ওয়েল ব্রাশ, চাপাতি, ছুরি সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মেজর আশরাফ আহমেদ বলেন, অভিযানের সময় এক নারীসহ তাকে আটক করা হয় এবং পরবর্তীতে তাদের পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়েছে। জাজিরা থানার ওসি সালেহ আহম্মেদ জানিয়েছেন, আটক সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কসমিক ডেস্ক