রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে আন্তর্জাতিক প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে ডেনমার্ক, এস্তোনিয়া এবং নেদারল্যান্ডসের সঙ্গে তিনটি নতুন ড্রোন চুক্তি স্বাক্ষর করেছে ইউক্রেন। মঙ্গলবার (৭ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের ফাঁকে এ তথ্য জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় জেলেনস্কি বলেন, নতুন তিনটি চুক্তি যুক্ত হওয়ায় ইউক্রেনের মোট ড্রোন সহযোগিতা চুক্তির সংখ্যা দাঁড়িয়েছে নয়টিতে। এসব উদ্যোগের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুদ্ধের সময় অর্জিত ইউক্রেনের প্রযুক্তিগত অভিজ্ঞতা ও প্রতিরক্ষা সক্ষমতাকে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আরও কার্যকরভাবে কাজে লাগানো হবে।
জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হওয়ার সময় ইউক্রেনের ড্রোন সক্ষমতা সীমিত ছিল। তবে গত কয়েক বছরে দেশটি দ্রুত আধুনিক ড্রোন প্রযুক্তি ও উৎপাদনশিল্প গড়ে তুলেছে, যা এখন যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ডেনমার্কের সঙ্গে হওয়া চুক্তিকে বিশেষ গুরুত্ব দিয়ে জেলেনস্কি বলেন, এটি যৌথ প্রতিরক্ষা উৎপাদন, প্রযুক্তিগত জ্ঞান বিনিময় এবং অস্ত্র রপ্তানিতে আরও স্বচ্ছ ও কার্যকর সহযোগিতার পথ তৈরি করবে। তিনি উল্লেখ করেন, ইউক্রেনে যৌথ প্রতিরক্ষা উৎপাদনের ধারণা প্রথম ডেনমার্কই সামনে এনেছিল। ফলে যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা প্রমাণিত ইউক্রেনীয় প্রযুক্তি ও অস্ত্র রপ্তানিতে দেশটির অংশগ্রহণ যৌক্তিক।
ন্যাটো সম্মেলন শেষে আরেকটি বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেনের এই সম্মেলনে অংশগ্রহণ ন্যায্য এবং প্রয়োজনীয়। তিনি জানান, সম্মেলনে কিয়েভের প্রধান লক্ষ্য ছিল উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক কূটনৈতিক সমর্থন আরও শক্তিশালী করা।
সম্প্রতি কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বহু হতাহতের পর ইউক্রেন আবারও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। জেলেনস্কির আশা, নতুন আন্তর্জাতিক সহযোগিতা দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কসমিক ডেস্ক