১.১৫ ট্রিলিয়ন ডলারের এনডিএএ পাস, যুক্তরাষ্ট্রে তীব্র রাজনৈতিক বিতর্ক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

১.১৫ ট্রিলিয়ন ডলারের এনডিএএ পাস, যুক্তরাষ্ট্রে তীব্র রাজনৈতিক বিতর্ক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
১.১৫ ট্রিলিয়ন ডলারের এনডিএএ পাস, যুক্তরাষ্ট্রে তীব্র রাজনৈতিক বিতর্ক ছবির ক্যাপশন:

মার্কিন প্রতিনিধি পরিষদ ২০২৭ অর্থবছরের জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন (National Defense Authorization Act-NDAA) অল্প ব্যবধানে পাস করেছে। বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে ২১৬-২১২ ভোটে অনুমোদিত বিলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য রেকর্ড ১.১৫ ট্রিলিয়ন ডলার ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। বিলটি এখন সিনেটে বিবেচনার জন্য যাবে, যেখানে এটি আরও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

ভোটাভুটি মূলত দলীয় অবস্থান অনুযায়ী হয়েছে। সাতজন রিপাবলিকান সদস্য ছাড়া দলের প্রায় সবাই বিলটির পক্ষে ভোট দেন। অন্যদিকে ছয়জন ডেমোক্র্যাট ছাড়া দলের অধিকাংশ সদস্য বিলটির বিপক্ষে অবস্থান নেন।

ডেমোক্র্যাটদের অভিযোগ, সামাজিক কল্যাণমূলক খাতে ব্যয় সংকুচিত করার সময় পেন্টাগনের জন্য এত বড় অঙ্কের বাজেট বরাদ্দ যৌক্তিক নয়। এছাড়া ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত এবং ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের বিধান নিয়েও তারা আপত্তি তুলেছেন। পেন্টাগনের হিসাব অনুযায়ী, ইরান-সংক্রান্ত সামরিক অভিযানে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৩৭.৫ বিলিয়ন ডলার

অন্যদিকে রিপাবলিকানদের দাবি, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো জরুরি। তাদের মতে, নতুন অস্ত্র ও সামরিক সরঞ্জাম ক্রয়, সেনাবাহিনীর আধুনিকায়ন, ইরান-সংক্রান্ত সামরিক কার্যক্রমে সহায়তা এবং সেনাসদস্যদের জীবনমান উন্নয়নে এই বাজেট প্রয়োজন। বিলটিতে সেনাসদস্যদের জন্য সর্বোচ্চ ৭ শতাংশ বেতন বৃদ্ধি, নতুন ব্যারাক নির্মাণ এবং সামরিক পরিবারের জন্য আবাসন সুবিধা সম্প্রসারণের প্রস্তাবও রাখা হয়েছে।

বিলটির একটি ধারা নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। ওই ধারায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সামরিক প্রযুক্তি সহযোগিতা আরও সম্প্রসারণের প্রস্তাব রয়েছে। তাদের মতে, গাজায় চলমান সামরিক অভিযানে বেসামরিক হতাহতের ঘটনার পর যুক্তরাষ্ট্রে ইসরায়েলকে সামরিক সহায়তা নিয়ে জনমতের মধ্যে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

প্রায় ছয় দশকেরও বেশি সময় ধরে এনডিএএ কংগ্রেসে নিয়মিতভাবে পাস হয়ে আইনে পরিণত হয়েছে এবং এটিকে সাধারণত 'অবশ্যই পাসযোগ্য' (Must-pass) বিল হিসেবে বিবেচনা করা হয়। তবে এবার সামরিক বাজেটের আকার, ইরান যুদ্ধ, ইউক্রেন ও ইসরায়েলকে সহায়তা, ট্রান্সজেন্ডার সেনাসদস্যদের অধিকার এবং নির্বাচনী আইনসংক্রান্ত বিভিন্ন ইস্যুতে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে মতপার্থক্য বিলটির ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে।

পরিস্থিতি আরও জটিল হয়েছে, কারণ রিপাবলিকানরা বিলটির সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ যুক্ত করার পক্ষে অবস্থান নিয়েছেন। এই প্রস্তাবে ভোটদানের নিয়ম আরও কঠোর করার কথা বলা হয়েছে। তবে সিনেটে এ উদ্যোগের পর্যাপ্ত সমর্থন না থাকায় বিলটির চূড়ান্ত অনুমোদন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গত সপ্তাহে সিনেটের ডেমোক্র্যাট সদস্যরা এনডিএএ-এর সিনেট সংস্করণ আটকে দেন। যদিও রিপাবলিকান নেতৃত্ব আগস্টের বিরতির আগেই বিলটি আবারও এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছে।

যুক্তরাষ্ট্রে এনডিএএ পাসের প্রক্রিয়ায় প্রতিনিধি পরিষদ ও সিনেট আলাদাভাবে নিজ নিজ সংস্করণ অনুমোদন করে। এরপর দুই কক্ষের সমঝোতার ভিত্তিতে একটি চূড়ান্ত সংস্করণ তৈরি হয়। সেই সংস্করণ উভয় কক্ষে পুনরায় পাস হওয়ার পর তা প্রেসিডেন্টের অনুমোদন বা ভেটোর জন্য হোয়াইট হাউসে পাঠানো হয়


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
দ্বিতীয় বিয়েতে স্ত্রীর অনুমতির বাধ্যবাধকতা নেই: হাইকোর্ট

দ্বিতীয় বিয়েতে স্ত্রীর অনুমতির বাধ্যবাধকতা নেই: হাইকোর্ট