জাপানের অর্থনীতিতে নতুন কৌশল, গুরুত্ব পাচ্ছে সামরিক শিল্প The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জাপানের অর্থনীতিতে নতুন কৌশল, গুরুত্ব পাচ্ছে সামরিক শিল্প

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
জাপানের অর্থনীতিতে নতুন কৌশল, গুরুত্ব পাচ্ছে সামরিক শিল্প ছবির ক্যাপশন:

বিশ্বের অন্যতম বৃহৎ উন্নত অর্থনীতির দেশ জাপান এবার অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন চালিকাশক্তি হিসেবে প্রতিরক্ষা শিল্প ও সামরিক সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছে। উন্নত প্রযুক্তি, শিল্প উৎপাদন এবং সেবা খাতের পাশাপাশি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়িয়ে অর্থনীতি শক্তিশালী করার পরিকল্পনা তুলে ধরা হয়েছে দেশটির সর্বশেষ প্রতিরক্ষা শ্বেতপত্রে।

শ্বেতপত্রে বলা হয়েছে, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ শুধু জাতীয় নিরাপত্তাই নিশ্চিত করবে না, বরং কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং শিল্প খাতের বিকাশের মাধ্যমে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিও ত্বরান্বিত করবে। এ লক্ষ্যে উন্নত প্রযুক্তির ব্যবহার, স্টার্টআপে বিনিয়োগ এবং অস্ত্র উৎপাদনে বাণিজ্যিক প্রযুক্তি ও উপাদানের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়াকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে বিবেচনায় রেখে জাপান এই নতুন কৌশল গ্রহণ করেছে। শ্বেতপত্রে চীনের সামরিক কার্যক্রমকে জাপানের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তাইওয়ানকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাত মোকাবিলায় প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদারের ইঙ্গিত দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সরকার নতুন জাতীয় নিরাপত্তা কৌশল প্রণয়নের কাজ করছে। সামরিক বিশ্লেষকদের মতে, এই কৌশলে প্রতিরক্ষা ব্যয় আরও বাড়ানোর সুপারিশ থাকতে পারে। বর্তমানে জাপানের প্রতিরক্ষা ব্যয় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশে উন্নীত হয়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে দেশটির অন্যতম বড় সামরিক আধুনিকায়ন কর্মসূচির অংশ।

এদিকে প্রতিরক্ষা শ্বেতপত্রের প্রচ্ছদেও এসেছে নতুনত্ব। আগের মতো সামরিক সরঞ্জামের পরিবর্তে আধুনিক নগরীর পটভূমিতে একটি পরিবারের অ্যানিমে-শৈলীর ছবি ব্যবহার করে ভবিষ্যতমুখী ও প্রযুক্তিনির্ভর জাপানের বার্তা তুলে ধরা হয়েছে।

সরকার ইতোমধ্যে ২০২৭ অর্থবছরের জন্য রেকর্ড ১২২ দশমিক ৩ ট্রিলিয়ন ইয়েনের বাজেট অনুমোদন করেছে। পাশাপাশি উচ্চ জ্বালানি মূল্যের প্রভাব মোকাবিলায় অতিরিক্ত ৩ দশমিক ১ ট্রিলিয়ন ইয়েনের প্রণোদনা ঘোষণা করা হয়েছে। নতুন প্রতিরক্ষা বাজেটের একটি বড় অংশ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সংগ্রহে ব্যয় হয়েছে। ভবিষ্যতে ড্রোন, মানববিহীন অস্ত্র ব্যবস্থা এবং প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নে আরও বড় বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বলে শ্বেতপত্রে উল্লেখ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
রামপুরায় কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ জানে না

রামপুরায় কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ জানে না