দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য বড় সুখবর দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আরও ১ হাজার ৭১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে যাচ্ছে। আগামী সপ্তাহেই সরকার এসব প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার চূড়ান্ত ঘোষণা দিতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এ লক্ষ্যে ইতোমধ্যে প্রায় ৬৭০ কোটি টাকা বরাদ্দ অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগের একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, বর্তমানে অন্তর্বর্তী সরকারের মেয়াদ আর মাত্র দুই সপ্তাহ বাকি। মেয়াদের শেষ পর্যায়ে এসে দ্রুতগতিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।
জানা গেছে, এর আগে গত মাসে অনলাইনে এমপিওভুক্তির আবেদন আহ্বান করা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে মোট ৩ হাজার ৬১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন জমা দেয়। যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির জন্য নির্বাচিত করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, এসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলে সরকারকে বছরে বাড়তি ব্যয় করতে হবে প্রায় ৬৭০ কোটি টাকা। তবে চলতি অর্থবছরে এ খাতে প্রয়োজন হবে ১৬৭ কোটি টাকা। চলতি সংশোধিত বাজেটে ইতোমধ্যে ৩০০ কোটি টাকা বরাদ্দ থাকায় প্রাথমিকভাবে অর্থ সংকট হওয়ার সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এমপিওভুক্তির তালিকায় রয়েছে ৪৭১টি নিম্ন-মাধ্যমিক প্রতিষ্ঠান। এছাড়া ৬২৩টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান, ১০৫টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং ১৪৫টি উচ্চ মাধ্যমিক কলেজ অন্তর্ভুক্ত রয়েছে। মাদরাসা শিক্ষার ক্ষেত্রেও বড় পরিসরে এমপিওভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। তালিকায় রয়েছে ৭৮টি দাখিল, ২০২টি আলিম এবং ৩৫টি ফাজিল পর্যায়ের মাদরাসা।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের মেয়াদের অন্তত অর্ধেক সময়জুড়েই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবিতে শিক্ষকরা রাজপথে আন্দোলন করেছেন। সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে শুরুতে এ বিষয়ে কিছুটা রক্ষণশীল মনোভাব দেখা গেলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর গত বছরের শেষ দিকে সরকার নমনীয় হয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র আরও জানিয়েছে, এমপিওভুক্তির নীতিমালা চূড়ান্ত করার কাজও শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই নতুন করে নির্বাচিত ১ হাজার ৭১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার ঘোষণা আসতে পারে।
কসমিক ডেস্ক