জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসীদের উচ্ছেদের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসীদের উচ্ছেদের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : May 31, 2026 ইং
জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসীদের উচ্ছেদের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ছবির ক্যাপশন: চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে জঙ্গল সলিমপুর এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এই এলাকা থেকে কোনো সাধারণ বাসিন্দাকে উচ্ছেদ করা হবে না। সরকারের লক্ষ্য শুধু সন্ত্রাসী গোষ্ঠী ও অবৈধ কার্যক্রম বন্ধ করা।

রবিবার (৩১ মে) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুরের আলিনগর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে দেড় ঘণ্টাব্যাপী চট্টগ্রামের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং জনগণের জন্য একটি নিরাপদ ও আরামদায়ক জীবন নিশ্চিত করতে যা প্রয়োজন, তা-ই করা হবে। তিনি আরও বলেন, দেশে কোনো ধরনের মাদক, সন্ত্রাস বা অবৈধ বাণিজ্য চলতে দেওয়া হবে না। রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র গড়ে উঠতে দেওয়া হবে না।

তিনি জোর দিয়ে বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় সরকারি খাস জমিতে কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে এই উন্নয়ন কার্যক্রমের কারণে সাধারণ জনগণের কোনো ক্ষতি হবে না। মূল লক্ষ্য হলো সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, পুলিশের মহাপরিদর্শক, সিএমপি কমিশনার, র‌্যাব-৭ অধিনায়কসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

সরকারের এ অবস্থানকে কেন্দ্র করে জঙ্গল সলিমপুর এলাকায় নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রম আরও জোরদার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মাতৃভাষার মর্যদা রক্ষায় আমরা দায়বদ্ধ: জামায়াত আমির

মাতৃভাষার মর্যদা রক্ষায় আমরা দায়বদ্ধ: জামায়াত আমির