নিজেদের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রীনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দখলসংক্রান্ত মন্তব্যের পর প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে নতুন পদক্ষেপ নিয়েছে ডেনমার্ক। দেশটি বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের মেয়াদ চার মাস থেকে বাড়িয়ে ১১ মাস করেছে। মঙ্গলবার (৪ আগস্ট) থেকে নতুন এই বিধান কার্যকর হয়েছে বলে জানিয়েছে জার্মান গণমাধ্যম এআরডি।
নতুন নিয়ম অনুযায়ী, আগস্টের প্রথম দিন দেশজুড়ে প্রায় ১ হাজার ৬০০ তরুণ-তরুণী বাধ্যতামূলক সামরিক সেবায় যোগ দিয়েছেন। তাদের মধ্যে ডেনমার্কের রাজপরিবারের সদস্য প্রিন্সেস ইসাবেলাও রয়েছেন। উত্তর ডেনমার্কের ফ্রেডরিকসিয়া নৌঘাঁটিতে ৮০ জন সদস্যের যোগদানের মাধ্যমে নতুন প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
ডেনিশ নৌবাহিনীর প্রধান সোরেন কিয়েলসেন বলেন, প্রশিক্ষণের মেয়াদ সাত মাস বৃদ্ধি পাওয়ায় সদস্যদের আরও বিশেষায়িত ও দায়িত্বভিত্তিক প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে। তার মতে, দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ফলে সদস্যরা প্রশিক্ষণ শেষে দ্রুত নৌবাহিনীর জাহাজ ও অন্যান্য ইউনিটে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হয়ে উঠবেন।
ট্রাম্পের গ্রীনল্যান্ড-সংক্রান্ত মন্তব্যের পর থেকেই ডেনমার্ক প্রতিরক্ষা নীতিতে পরিবর্তন আনার উদ্যোগ নেয়। ২০২৫ সাল থেকে দেশটিতে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ চালু রয়েছে। প্রতি বছর ১৮ বছর বয়সী তরুণ-তরুণীদের স্বাস্থ্য ও শারীরিক সক্ষমতা যাচাই করা হয়। প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক না পাওয়া গেলে লটারির মাধ্যমে অংশগ্রহণকারী নির্বাচন করা হয়।
এবারের নীতিতে পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করা হয়েছে। সরকারের ভাষ্য, প্রশিক্ষণের মেয়াদ বৃদ্ধি এবং প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যের সংখ্যা বাড়ানোর মাধ্যমে ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় দেশটির প্রতিরক্ষা বাহিনী আরও দক্ষ ও প্রস্তুত হবে।
আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন এবং আঞ্চলিক প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের অংশ হিসেবে ডেনমার্কের এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
কসমিক ডেস্ক