যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে চীনের নেতৃত্বে ২৯ দেশের এআই জোট The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে চীনের নেতৃত্বে ২৯ দেশের এআই জোট

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 20, 2026 ইং
যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে চীনের নেতৃত্বে ২৯ দেশের এআই জোট ছবির ক্যাপশন:

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বৈশ্বিক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে নতুন আন্তর্জাতিক উদ্যোগ নিয়েছে চীন। সাংহাইয়ে অনুষ্ঠিত চার দিনব্যাপী বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন (WAIC)-এর প্রাক্কালে ২৯টি দেশকে নিয়ে ‘বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থা’ (WAICO) গঠনের ঘোষণা দিয়েছে বেইজিং।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অংশগ্রহণকারী দেশগুলোর প্রতি এআই খাতে সহযোগিতা জোরদারের আহ্বান জানান। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তির ওপর কোনো একটি দেশের একচ্ছত্র আধিপত্য থাকা উচিত নয়। এআই উন্নয়ন আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতেই এগিয়ে নেওয়া প্রয়োজন।

বিশ্লেষকদের মতে, শি জিনপিংয়ের এই বক্তব্য মূলত যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করেই দেওয়া। বর্তমানে উন্নত চিপ, এআই মডেল, সেমিকন্ডাক্টর প্রযুক্তি ও প্রযুক্তিগত আধিপত্য নিয়ে বিশ্বের দুই বৃহৎ অর্থনীতি—যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা ক্রমেই তীব্র হচ্ছে।

চীনের ঘোষিত নতুন সংস্থা WAICO-এর লক্ষ্য আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, নিরাপদ ও দায়িত্বশীল এআই নীতিমালা প্রণয়ন এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য সমান সুযোগ নিশ্চিত করা। সংস্থাটির সদর দপ্তর থাকবে সাংহাইয়ে। প্রতিষ্ঠাতা ২৯ সদস্য দেশের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, ব্রাজিল, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, রাশিয়া ও পাকিস্তানসহ ‘গ্লোবাল সাউথ’-এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ।

শি জিনপিং উদ্বোধনী বক্তব্যে ওপেন-সোর্স এআইকে একটি ‘ঐতিহাসিক সুযোগ’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর এআই সক্ষমতা গড়ে তুলতে চীন সহযোগিতা অব্যাহত রাখবে, যাতে প্রযুক্তিগত বৈষম্য আরও গভীর না হয়। পাশাপাশি আফ্রিকা, লাতিন আমেরিকা ও এশিয়ার দেশগুলোর সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারের প্রতিশ্রুতিও দেন তিনি।

চীনের মতে, এআই উন্নয়নে মানুষকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি অনুসরণ করতে হবে। এজন্য উপযুক্ত আইন, প্রযুক্তিগত নজরদারি, আগাম সতর্কতা ব্যবস্থা এবং জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করে কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানুষের নিয়ন্ত্রণের মধ্যেই রাখতে হবে।

বিশ্লেষকদের ধারণা, নতুন এই জোটের মাধ্যমে জাতিসংঘসহ আন্তর্জাতিক অঙ্গনে এআই–সংক্রান্ত নীতিনির্ধারণে আরও বড় ভূমিকা রাখতে চায় বেইজিং। বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তার অজুহাতে চীনের ওপর উন্নত চিপ ও প্রযুক্তি রপ্তানিতে বিভিন্ন নিষেধাজ্ঞা বজায় রেখেছে, তখন চীনও গুরুত্বপূর্ণ খনিজ ও ডুয়েল-ইউজ প্রযুক্তি রপ্তানিতে পাল্টা পদক্ষেপ নিয়েছে।

চীনের বিপুল ডেটা সেন্টার, স্বল্পমূল্যের বিদ্যুৎ, রাষ্ট্রীয় বিনিয়োগ এবং বিরল খনিজের ওপর নিয়ন্ত্রণ দেশটিকে বৈশ্বিক এআই প্রতিযোগিতায় বড় সুবিধা দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, প্রযুক্তির পাশাপাশি আন্তর্জাতিক নীতিনির্ধারণেও প্রভাব বিস্তারের মাধ্যমে ভবিষ্যতের এআই বিশ্বব্যবস্থায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে বেইজিং।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৈশ্বিক ইন্টারনেট থেকে স্থায়ী বিচ্ছিন্নতার পথে ইরান?

বৈশ্বিক ইন্টারনেট থেকে স্থায়ী বিচ্ছিন্নতার পথে ইরান?