সংবাদমাধ্যমের দমন-পীড়ন বন্ধে পাকিস্তানকে অ্যামনেস্টির আহ্বান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সংবাদমাধ্যমের দমন-পীড়ন বন্ধে পাকিস্তানকে অ্যামনেস্টির আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
সংবাদমাধ্যমের দমন-পীড়ন বন্ধে পাকিস্তানকে অ্যামনেস্টির আহ্বান ছবির ক্যাপশন:

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নেতৃত্বে ১৩টি দেশীয় ও আন্তর্জাতিক নাগরিক সমাজ সংগঠনের একটি জোট পাকিস্তান সরকারের প্রতি সংবাদমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং মানবাধিকারকর্মীদের ওপর চলমান দমন-পীড়ন অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এবং আইনমন্ত্রী আজম নাজির তারারের কাছে পাঠানো এক খোলা চিঠিতে এ দাবি জানানো হয়।

চিঠিতে সংগঠনগুলো সতর্ক করে বলেছে, জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা কিংবা ‘ভুল তথ্য’ প্রতিরোধের অজুহাতে ভিন্নমত দমন, সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ বা জনগণকে যোগাযোগ থেকে বিচ্ছিন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অভিযোগ করেছে, ইলেকট্রনিক অপরাধ প্রতিরোধ আইন (PECA)-এর অস্পষ্ট ধারাগুলো ব্যবহার করে সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সমালোচনামূলক কণ্ঠস্বরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে সাংবাদিক আসাদ আলী তুরসহ বেশ কয়েকজন সাংবাদিক, বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদক এবং স্থানীয় প্রেস ক্লাবের নেতাদের নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংবাদকক্ষ ও টেলিভিশন চ্যানেলগুলোর ওপর প্রশাসনিক চাপ বাড়ানো হয়েছে বলেও অভিযোগ করা হয়।

মানবাধিকার সংগঠনগুলোর দাবি, সংবেদনশীল রাজনৈতিক বিষয় নিয়ে প্রতিবেদন করায় একাধিক সাংবাদিক ও উপস্থাপককে সম্প্রচার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে মুনিজায়ে জাহাঙ্গীর, মতিউল্লাহ জান ও কাশিফ আব্বাসির নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষের জরিমানা, সম্প্রচার স্থগিত এবং সংবাদমাধ্যম পরিচালনায় হস্তক্ষেপের ঘটনাগুলোরও সমালোচনা করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ডিজিটাল অধিকার রক্ষার স্বার্থে পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরে দীর্ঘদিন ধরে চলমান ইন্টারনেট ও টেলিযোগাযোগ সীমাবদ্ধতা প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে আল জাজিরার ওয়েবসাইটে প্রবেশাধিকার সীমিত করার অভিযোগ তদন্ত এবং বিদেশি সংবাদমাধ্যমের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করার আহ্বান জানানো হয়েছে।

জোটটি মানবাধিকারবিষয়ক আইনজীবী ইমান জয়নাব মাজারি-হাজির ও হাদি আলী চাট্টার মুক্তিও দাবি করেছে। তাদের মতে, সাংবাদিক, আইনজীবী ও মানবাধিকারকর্মীদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা পাকিস্তানের আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গীকারের অংশ। এই যৌথ আবেদনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আর্টিকেল ১৯, পাকিস্তান মানবাধিকার কমিশন, ডিজিটাল রাইটস ফাউন্ডেশন, বোলো ভি, লইয়ার্স ফর লইয়ার্সসহ একাধিক আন্তর্জাতিক সংগঠন স্বাক্ষর করেছে


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
গাজীপুরে নিয়োগপত্র নিয়ে যোগ দিতে গিয়ে আটক চাকরিপ্রার্থী

গাজীপুরে নিয়োগপত্র নিয়ে যোগ দিতে গিয়ে আটক চাকরিপ্রার্থী