কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় দেশগুলোকে কোনো নির্দিষ্ট পক্ষ বেছে নেওয়ার জন্য চাপ না দেওয়ার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে প্রতিটি দেশের ‘ডিজিটাল সার্বভৌমত্ব’ এবং নিজেদের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তিগত অংশীদার নির্বাচনের অধিকারকে সম্মান করার কথা বলেছে বেইজিং।
বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র লিন জিয়ান এ অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, এআই প্রযুক্তি নিয়ে বিভিন্ন দেশকে পক্ষ বেছে নেওয়া বা আলাদা জোটে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া উচিত নয়। প্রতিটি দেশের জাতীয় পরিস্থিতি ও উন্নয়নের প্রয়োজন অনুযায়ী নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে বলেও জানান তিনি।
সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, এআই প্রযুক্তির প্রতিযোগিতায় চীনের বিপরীতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি জোটে বিভিন্ন দেশকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হতে পারে। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে এআই জোটে থাকলে চীনের বিকল্প কোনো কাঠামো থেকে দূরে থাকার শর্তও দেওয়া হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এমন প্রেক্ষাপটে চীনের এই বক্তব্যকে দেশটির প্রযুক্তিগত ও কূটনৈতিক অবস্থানের গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। বেইজিং স্পষ্ট করেছে, এআইকে কেন্দ্র করে বিশ্বকে পৃথক পক্ষ বা শিবিরে ভাগ করার উদ্যোগের বিরোধিতা করে তারা।
বর্তমানে এআই প্রযুক্তির উন্নয়ন, অবকাঠামো, উন্নত চিপ, সফটওয়্যার ও বড় ভাষা মডেল নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা ক্রমেই তীব্র হচ্ছে। এই প্রতিযোগিতার প্রভাব প্রযুক্তি, বাণিজ্য ও জাতীয় নিরাপত্তার পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশগুলোর নীতিনির্ধারণেও পড়ছে।
চীনের বক্তব্যে তাই এআই প্রতিযোগিতাকে কেবল প্রযুক্তিগত সক্ষমতার লড়াই হিসেবে নয়, বরং প্রযুক্তিগত স্বাধীনতা, নীতিনির্ধারণের অধিকার এবং ডিজিটাল সার্বভৌমত্বের প্রশ্ন হিসেবেও দেখার বিষয়টি সামনে এসেছে।
কসমিক ডেস্ক