বন্ধুত্ব ও বাস্তব সংযোগকে কেন্দ্র করে বাংলাদেশে নতুন পরিচয়ে যাত্রা শুরু করেছে এয়ারটেল। এখন থেকে এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’। তরুণ প্রজন্মের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ককে আরও নতুনভাবে এগিয়ে নিতে এই পরিবর্তন আনা হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সময়ের সঙ্গে বন্ধুত্বের ধারণাও বদলেছে। শুধু অনেক মানুষকে চেনার মধ্যে বন্ধুত্ব সীমাবদ্ধ নেই; বরং যারা সত্যিকার অর্থে বোঝে, মনের সঙ্গে তাল মেলায়, সাফল্যে আনন্দিত হয় এবং কঠিন সময়ে পাশে থাকে—তাদের নিয়েই তৈরি হয় বাস্তব সংযোগ। এই ধারণা থেকেই ‘সার্কেল’-এর যাত্রা শুরু।
বছরের পর বছর এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। কল ও মেসেজের পাশাপাশি তরুণদের গল্প, গান, আড্ডা, বন্ধুত্ব এবং সংস্কৃতির সঙ্গেও ব্র্যান্ডটি যুক্ত হয়েছে। সময়ের সঙ্গে গ্রাহকদের পরিবর্তনের ধারাবাহিকতায় এবার নতুন পরিচয়ে সামনে এসেছে সার্কেল।
সার্কেলের মাধ্যমে বাংলাদেশের ‘অলওয়েজ-অন’ তরুণ প্রজন্মের জন্য আরও আকর্ষণীয় অফার, উন্নত ডিজিটাল সুবিধা এবং ভবিষ্যতের নতুন অভিজ্ঞতা দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে বিদ্যমান গ্রাহকদের ব্যবহৃত কানেকশন ও সেবাগুলো আগের মতোই চালু থাকবে। পরিবর্তনটি গ্রাহকদের জন্য সহজ ও নিরবচ্ছিন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
এয়ারটেলের ০১৬ নম্বরও অপরিবর্তিত থাকছে। পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ওয়ালেট, ব্যাংক অ্যাকাউন্ট, লেনদেন এবং ব্যক্তিগত তথ্য আগের মতোই নিরাপদ ও সচল থাকবে।
অ্যাপ আপডেট করার পর ‘My Cirkle App’ সক্রিয় হয়ে যাবে। বর্তমানে ব্যবহৃত ডিজিটাল সেবাগুলোও কোনো বাধা ছাড়াই আগের মতো ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে।
কসমিক ডেস্ক