ঘুমের মধ্যে বারবার গলা শুকায়? হতে পারে গুরুতর রোগের লক্ষণ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঘুমের মধ্যে বারবার গলা শুকায়? হতে পারে গুরুতর রোগের লক্ষণ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
ঘুমের মধ্যে বারবার গলা শুকায়? হতে পারে গুরুতর রোগের লক্ষণ ছবির ক্যাপশন:

রাতে ঘুমের মধ্যে বারবার গলা শুকিয়ে যাওয়া অনেকের কাছেই সাধারণ একটি সমস্যা বলে মনে হতে পারে। তবে এটি যদি নিয়মিত ঘটে, তাহলে বিষয়টি অবহেলা না করাই ভালো। বিশেষজ্ঞদের মতে, মাঝেমধ্যে গরম আবহাওয়া, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে দীর্ঘ সময় থাকা কিংবা দিনে পর্যাপ্ত পানি না পান করার কারণে গলা শুকাতে পারে। কিন্তু প্রতিদিন একই সমস্যা দেখা দিলে তা শরীরের ভেতরে থাকা কোনো স্বাস্থ্যগত জটিলতার ইঙ্গিতও হতে পারে।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় মুখে পর্যাপ্ত লালা তৈরি না হওয়ার সমস্যাকে জেরোস্টোমিয়া (Xerostomia) বা ড্রাই মাউথ (Dry Mouth) বলা হয়। লালা শুধু মুখ আর্দ্র রাখে না, এটি ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ, মুখের স্বাস্থ্য রক্ষা এবং খাবার হজমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

রাতে গলা শুকানোর অন্যতম কারণ হলো মুখ দিয়ে শ্বাস নেওয়া। নাক বন্ধ থাকা, সাইনাসের সমস্যা, অ্যালার্জি বা নাকের হাড় বাঁকা থাকলে অনেকেই ঘুমের সময় মুখ দিয়ে শ্বাস নেন। এতে মুখের আর্দ্রতা দ্রুত কমে যায় এবং গলা শুকিয়ে যায়।

এছাড়া অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকলে ঘুমের সময় শ্বাসপ্রশ্বাসে সাময়িক বাধা সৃষ্টি হয়। এ অবস্থায় নাক ডাকা, হাঁসফাঁস করা এবং বারবার মুখ দিয়ে শ্বাস নেওয়ার কারণে গলা শুষ্ক হয়ে যেতে পারে।

অনিয়ন্ত্রিত ডায়াবেটিসও রাতের তৃষ্ণা ও গলা শুকানোর একটি গুরুত্বপূর্ণ কারণ। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে শরীর অতিরিক্ত চিনি প্রস্রাবের মাধ্যমে বের করে দিতে চেষ্টা করে। ফলে শরীরে পানিশূন্যতা তৈরি হয় এবং রাতে বারবার পানি পিপাসা লাগে।

এ ছাড়া পর্যাপ্ত পানি না পান করা, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ এবং এসিড রিফ্লাক্স-এর কারণেও ঘুমের মধ্যে গলা শুকিয়ে যেতে পারে।

এ সমস্যা কমাতে দিনে অন্তত আড়াই থেকে তিন লিটার পানি পান, ঘরের আর্দ্রতা বজায় রাখতে হিউমিডিফায়ার ব্যবহার, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ এবং মুখের পরিবর্তে নাক দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে গলা শুকানোর সঙ্গে যদি নাক ডাকা, সকালে মাথাব্যথা, অতিরিক্ত ক্লান্তি, শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গও দেখা দেয়, তাহলে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
দুদকের তদন্তে অভিযোগমুক্ত এপিএস মোয়াজ্জেম, যা বললেন তিনি

দুদকের তদন্তে অভিযোগমুক্ত এপিএস মোয়াজ্জেম, যা বললেন তিনি