এআই দিয়ে ভুয়া ভিডিও, বিব্রত অভিনেত্রী মীম The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

এআই দিয়ে ভুয়া ভিডিও, বিব্রত অভিনেত্রী মীম

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
এআই দিয়ে ভুয়া ভিডিও, বিব্রত অভিনেত্রী মীম ছবির ক্যাপশন:

শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবন শুরু করা সাবরীন সাকা মীম দীর্ঘদিন ধরে দর্শকের পরিচিত মুখ। ক্যারিয়ারের ব্যস্ত সময়ে অভিনয় থেকে সরে গিয়ে পরে সংবাদ উপস্থাপনায় যুক্ত হলেও সেখান থেকেও একসময় দূরে সরে যান তিনি। সম্প্রতি এক পডকাস্টে নিজের অভিনয়জীবন, বিয়ে, বিচ্ছেদ ও ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

প্রায় ১৪ বছর আগে চিকিৎসক শাহরিয়ার আহমেদ সজিবের সঙ্গে বিয়ে হয় মীমের। সংসার টিকিয়ে রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সাড়ে পাঁচ বছর পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তারা। বিচ্ছেদের প্রায় আট বছর পর সেই সময়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে মীম জানান, দাম্পত্য ভাঙনের জন্য তিনি কাউকে এককভাবে দায়ী করতে চান না। তার মতে, সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনেরই চেষ্টা প্রয়োজন হলেও একসময় তারা বুঝতে পারেন, একসঙ্গে থাকা আর সম্ভব নয়।

মীম জানান, সংসার টিকিয়ে রাখার আশায় শ্বশুরবাড়ির পছন্দকে সম্মান জানিয়ে অভিনয় থেকেও সরে দাঁড়িয়েছিলেন। তবে শেষ পর্যন্ত দাম্পত্য জীবন টেকেনি। বিচ্ছেদের দিন মানসিকভাবে ভেঙে পড়লেও বাবা-মা ও বোনের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছেন বলে জানান তিনি। পরিবারের সহায়তায় পরবর্তী সময়ে প্রায় আড়াই মাস যুক্তরাষ্ট্রেও কাটান।

এদিকে বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে বিভিন্ন ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ করেছেন মীম। এআই প্রযুক্তি ব্যবহার করে তার নামে মনগড়া ভিডিও তৈরি এবং ‘ওজন বেড়ে যাওয়ার কারণে বিয়ে ভেঙেছে’ কিংবা তিনি কান্নাকাটি করেছেন—এমন মিথ্যা দাবি ছড়ানো হচ্ছে বলে জানান তিনি। এসব ঘটনায় নিজের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন অভিনেত্রী।

ভবিষ্যতে নতুন সম্পর্কে জড়ানোর বিষয়ে মীম জানান, আপাতত তার এমন কোনো আগ্রহ নেই। তিনি বলেন, মনে হয় তার পক্ষে আর নতুন করে সম্পর্কে জড়ানো সম্ভব হবে না।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শুটিং সেটে চুরি, রাশি খান্নার ইউনিটে চাঞ্চল্য

শুটিং সেটে চুরি, রাশি খান্নার ইউনিটে চাঞ্চল্য