বলিউডে তারকাদের পারিশ্রমিক কাঠামোয় পরিবর্তনের প্রবণতা দেখা যাচ্ছে। এককালীন বড় অঙ্কের পারিশ্রমিকের বদলে সিনেমার লাভ, স্বত্ব ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অংশীদার হওয়ার দিকে ঝুঁকছেন অনেক তারকা। এবার সেই পথ অনুসরণ করার কথা ভাবছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও। অশনীর গ্রোভারের জীবন নিয়ে নির্মিতব্য বায়োপিকে অভিনয়ের জন্য তাকে প্রায় ২০ কোটি রুপি পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
২০ কোটি রুপির বদলে প্রযোজনায় আগ্রহ
‘শার্ক ট্যাংক ইন্ডিয়া’খ্যাত উদ্যোক্তা অশনীর গ্রোভারের জীবনভিত্তিক এই বায়োপিকে তার স্ত্রী মাধুরী জৈন গ্রোভারের চরিত্রে অভিনয় করার কথা রয়েছে শ্রদ্ধার। সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে থাকছেন রাহুল মোদি।
প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটিতে অভিনয়ের বিনিময়ে শ্রদ্ধাকে প্রায় ২০ কোটি রুপি দেওয়ার প্রস্তাব রয়েছে। তবে সর্বশেষ খবর বলছে, এককালীন এই অর্থ নেওয়ার পরিবর্তে সিনেমাটির অন্যতম প্রযোজক হিসেবে যুক্ত হওয়ার কথা ভাবছেন তিনি।
এই মডেলে শুরুতে নির্দিষ্ট কোনো পারিশ্রমিক না নিয়ে সিনেমার স্বত্ব, ওটিটি বিক্রি এবং বক্স অফিস থেকে অর্জিত লাভের একটি নির্দিষ্ট অংশ পাওয়ার সুযোগ থাকবে শ্রদ্ধার। সিনেমাটি ব্যবসাসফল হলে এভাবে তার আয় প্রস্তাবিত ২০ কোটি রুপির চেয়েও বেশি হতে পারে।
বলিউডে লাভের অংশীদার হওয়ার প্রবণতা
বলিউডে এ ধরনের ব্যবসায়িক কাঠামো নতুন নয়। অক্ষয় কুমারও এমন মডেল থেকে লাভবান হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায় তুলনামূলক কম পারিশ্রমিকের বিনিময়ে সিনেমাটির বড় একটি অংশের স্বত্ব নিজের ও তার প্রযোজনা প্রতিষ্ঠানের নামে রাখার কথা জানা যায়। সিনেমাটি সফল হওয়ার পর লাভের অংশ হিসেবে তার আয় ৩৫ কোটি রুপির বেশি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
শাহরুখ খান, আমির খান, সালমান খান, অজয় দেবগন ও রণবীর সিংয়ের মতো তারকারাও পারিশ্রমিকের পাশাপাশি সিনেমার লাভের অংশীদার হওয়ার মডেলে যুক্ত হচ্ছেন বলে জানা গেছে।
চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি
শ্রদ্ধা কাপুর বর্তমানে তার পরবর্তী সিনেমা ‘ইথা’র শুটিং নিয়ে ব্যস্ত। জানা গেছে, ওই সিনেমার জন্য তিনি ১২ থেকে ১৫ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন।
তবে অশনীর গ্রোভারের বায়োপিকের ক্ষেত্রে শ্রদ্ধা শেষ পর্যন্ত ২০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন, নাকি প্রযোজক হিসেবে যুক্ত হয়ে লাভের অংশীদার হবেন—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে অভিনেত্রীর চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।
কসমিক ডেস্ক