ঝিনাইদহে সরকারি খাল ভরাট করে মাটি পরিবহনের অভিযোগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঝিনাইদহে সরকারি খাল ভরাট করে মাটি পরিবহনের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 6, 2026 ইং
ঝিনাইদহে সরকারি খাল ভরাট করে মাটি পরিবহনের অভিযোগ ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা এলাকায় সরকারি খাল ভরাট করে ইট ভাটায় মাটি পরিবহনের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছে, রাতের বেলা খালের পাড় কেটে ও খালের মধ্যে আড়াআড়ি বাঁধ দিয়ে ফিরোজা ব্রিকস নামের ইট ভাটায় মাটি পরিবহন করা হচ্ছে।

স্থানীয় চাচড়া গ্রামের কৃষক জাকারিয়া হোসেন জানিয়েছেন, খালের মাধ্যমে বর্ষা মৌসুমে চারটি গ্রাম ও মাঠের পানি প্রবাহিত হয়। খাল ভরাট হলে আগামী বর্ষা মৌসুমে এই গ্রামগুলোর ধানসহ অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

নিমাইয়ের খালের পাড় কেটে মাটি পরিবহনের কাজে প্রায় ৩০টি ট্রাক্টর ব্যবহার করা হচ্ছে। কৃষক তরিকুল ইসলাম জানান, খালের পানি বের না হলে ফসলি জমির অবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।

মাটি ব্যবসায়ী এনামুল ইসলাম বলেন, “গ্রামের ভেতরের রাস্তা দিয়ে মাটি পরিবহন করতে গ্রামবাসী বাধা দেয়ায় বিকল্পভাবে খালের মধ্য দিয়ে মাটি পরিবহন করা হয়েছে। আমি না বুঝে খাল ভরাট করেছি। মাটি পরিবহন শেষ হলে খালটি আগের মতো ফিরিয়ে দেওয়া হবে।”

ফিরোজা ব্রিকসের মালিক সেলিম হোসেন জানিয়েছেন, ইট তৈরির জন্য কাঁচামাল হিসেবে মাটির প্রয়োজন। বর্তমানে তারা সরাসরি মাটি সংগ্রহ করেন না, বরং দালালদের মাধ্যমে মাটি সরবরাহ করা হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ জানান, খবর পেয়ে তিনি খাল পরিদর্শনে গিয়েছিলেন, তবে তখন কাউকে পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, খাল ভরাটের ফলে পানি প্রবাহ বাধাগ্রস্ত হলে ফসলের বড় ক্ষতি হতে পারে এবং পরিবেশগত সমস্যাও তৈরি হবে। প্রশাসনের তৎপরতা থাকলেও অপরাধী এখনও শনাক্ত হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ