হলিউডের জনপ্রিয় ফ্যান্টাসি ফ্র্যাঞ্চাইজি ‘দ্য লর্ড অব দ্য রিংস’-এর নতুন সিনেমা ‘দ্য হান্ট ফর গোল্লাম’-এ যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আনিয়া টেলর-জয়। নিউ লাইন ও ওয়ার্নার ব্রাদার্স প্রযোজিত এই বহুল প্রতীক্ষিত সিনেমাটিতে তিনি একটি গুরুত্বপূর্ণ এলফ চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে।
চরিত্রটির নাম ‘সেরেন’, যাকে রাজা থ্রানডুইলের একজন বিশ্বস্ত ও মারাত্মক প্রতিনিধি হিসেবে বর্ণনা করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজির ভক্তদের মধ্যে এই নতুন সংযোজন ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
সিনেমাটি পরিচালনা করবেন অ্যান্ডি সার্কিস, যিনি একই সঙ্গে কিংবদন্তি ‘গোল্লাম’ চরিত্রেও অভিনয় করছেন। দীর্ঘদিন পর তিনি আবারও এই চরিত্রে ফিরে আসছেন, যা ভক্তদের জন্য বড় চমক হিসেবে দেখা হচ্ছে।
পুরোনো ট্রিলজির বেশ কিছু পরিচিত চরিত্রও ফিরছেন এই সিনেমায়। এর মধ্যে রয়েছেন ইয়ান ম্যাককেলান (গ্যান্ডালফ), এলাইজা উড (ফ্রোডো) এবং লি পেস (রাজা থ্রানডুইল)। তাদের উপস্থিতি নতুন ও পুরোনো গল্পের মধ্যে একটি সংযোগ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।
নতুন কাস্টে আনিয়া টেলর-জয়ের পাশাপাশি যুক্ত হয়েছেন আরও বেশ কয়েকজন জনপ্রিয় তারকা। তাদের মধ্যে রয়েছেন কেট উইন্সলেট, জেমি ডর্নান এবং লিও উডাল। ফলে সিনেমাটি তারকাবহুল একটি প্রজেক্টে পরিণত হয়েছে।
ওয়ার্নার ব্রাদার্স ঘোষণা অনুযায়ী, ‘দ্য লর্ড অব দ্য রিংস: দ্য হান্ট ফর গল্লাম’ সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে ২০২৭ সালের ১৭ ডিসেম্বর।
সিনেমার গল্প আবর্তিত হবে মূল ট্রিলজির প্রথম পর্ব ‘দ্য ফেলোশিপ অব দ্য রিং’-এর আগের সময়কে কেন্দ্র করে। এতে মূলত গল্লামকে খুঁজে বের করার অভিযান এবং তার পেছনের অজানা ঘটনাগুলো তুলে ধরা হবে।
এই প্রজেক্টে প্রযোজক হিসেবে যুক্ত আছেন অস্কারজয়ী নির্মাতা পিটার জ্যাকসন, যিনি মূল ‘লর্ড অব দ্য রিংস’ ট্রিলজিরও পরিচালক ছিলেন। তার উপস্থিতি সিনেমাটির প্রতি প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।
ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে আনিয়া টেলর-জয়ের এটি তৃতীয় বড় কাজ। এর আগে তিনি ‘ফিউরিওসা’ এবং ‘ডুন’ ফ্র্যাঞ্চাইজির সিনেমায় অভিনয় করেছেন।
একই সময়ে তার আরেকটি বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডুন: পার্ট থ্রি’ মুক্তির কথাও রয়েছে, যা তাকে আরও ব্যস্ত তারকায় পরিণত করেছে।
গত দুই দশকে ‘লর্ড অব দ্য রিংস’ এবং ‘দ্য হবিট’ সিরিজের ছয়টি সিনেমা বিশ্বব্যাপী প্রায় ৬ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। ফলে নতুন এই সিনেমাটিও বক্স অফিসে বড় সাফল্য পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
নির্মাতারা আশা করছেন, নতুন গল্প, পুরোনো চরিত্র এবং আধুনিক সিনেমাটিক প্রযুক্তির সমন্বয়ে ‘দ্য হান্ট ফর গল্লাম’ ফ্র্যাঞ্চাইজির ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে।
কসমিক ডেস্ক