বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল ব্রাজিল জাতীয় ফুটবল দল। তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র চোটের কারণে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে মাঠে নামতে পারবেন না বলে জানা গেছে। এতে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা অভিযানে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৪ বছর বয়সী নেইমার এখনও পুরোপুরি অনুশীলনে ফিরতে পারেননি। গত ১৭ মে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে তিনি কাফ মাংসপেশিতে গ্রেড-২ ইনজুরিতে পড়েন। সেই চোট থেকে তার পুনর্বাসন প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি।
বিশ্বকাপের জন্য ঘোষিত দলে জায়গা পেলেও এখন পর্যন্ত মাঠে নামতে পারেননি নেইমার। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে তিনি বেঞ্চে থাকলেও খেলার সুযোগ পাননি। সর্বশেষ অনুশীলনেও তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেননি বলে জানা গেছে।
ব্রাজিল দলের মেডিকেল বিভাগ তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। চিকিৎসকরা তাকে নকআউট পর্বের জন্য প্রস্তুত করার পরিকল্পনা করছেন।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমার দ্রুত সুস্থ হয়ে দলে ফিরতে সর্বোচ্চ চেষ্টা করছেন। তিনি বলেন, নেইমারের অভিজ্ঞতা ও নেতৃত্ব তরুণ খেলোয়াড়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তাকে পুরোপুরি ফিট করেই মাঠে ফেরানোর পরিকল্পনা করা হচ্ছে।
নেইমারের অনুপস্থিতি ব্রাজিলের আক্রমণভাগে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। তার মতো অভিজ্ঞ ফরোয়ার্ডের অভাব গ্রুপ পর্বে দলের পারফরম্যান্সে চাপ সৃষ্টি করতে পারে। তবে সমর্থকদের আশা, নকআউট পর্বে তিনি ফিরে এসে আবারও দলকে নেতৃত্ব দেবেন শিরোপার লড়াইয়ে।
কসমিক ডেস্ক