ঢালিউডের এক সময়ের জনপ্রিয় জুটি শাকিব খান ও পূর্ণিমাকে দীর্ঘদিন পর আবারও একসঙ্গে দেখে উচ্ছ্বসিত হয়েছেন ভক্তরা। একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে মুখোমুখি হন এই দুই তারকা। পুরোনো দিনের স্মৃতি, খুনসুটি আর আন্তরিক আলাপচারিতায় জমে ওঠে পুরো আয়োজন।
শনিবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিব খান ও পূর্ণিমা। দীর্ঘ বিরতির পর একে অপরকে দেখে উষ্ণ অভ্যর্থনা জানান তারা। আড্ডার একপর্যায়ে শাকিব খানের বর্তমান লুক নিয়ে মজার মন্তব্য করেন পূর্ণিমা।
হাসিমুখে তিনি বলেন, “তাকে আমি যা দেখেছি, তার থেকে তো ও এখন অনেক ছোট হয়ে গেছে। আরও বেশি ছোট। তার যতগুলো ছবি আছে, আমি কিন্তু দেখি। ‘তুফান’ পুরোটা দেখেছি, অন্য ছবিগুলোও দেখেছি।”
পূর্ণিমা জানান, নিয়মিত একসঙ্গে কাজ না করলেও তিনি শাকিব খানের নতুন সিনেমা এবং ক্যারিয়ারের অগ্রগতি আগ্রহের সঙ্গে অনুসরণ করেন। দেশীয় চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও শাকিবের সাফল্য তার নজর কেড়েছে।
আলাপচারিতার সময় আরও একটি মজার মন্তব্য করে পূর্ণিমা বলেন, “আমাদের যখন একসঙ্গে কাজ হয়েছিল, তখন যদি এই লুকের শাকিবকে পেতাম, তাহলে আরও ভালো লাগত।”
এক সময়ের জনপ্রিয় এই জুটি ‘আই লাভ ইউ’, ‘মা আমার স্বর্গ’, ‘তুমি কত সুন্দর’ এবং ‘বাধা’সহ একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন। তাদের অনস্ক্রিন রসায়ন দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
জানা গেছে, একটি সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে অংশ নিতে চ্যানেল আই কার্যালয়ে গিয়েছিলেন শাকিব খান। তাকে স্বাগত জানাতে বিশেষভাবে সাজানো হয়েছিল পুরো প্রাঙ্গণ। অনুষ্ঠানে জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’ বাজানো হলে পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
মজার ছলে পূর্ণিমা বলেন, “আজকে কিন্তু দুষ্টু কোকিল আমি হবো। দুষ্টু দুষ্টু প্রশ্ন করবো।” জবাবে হাসতে হাসতে শাকিব খান বলেন, “যা ইচ্ছা করো।”
দুই তারকার এই পুনর্মিলনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই আবারও তাদের একসঙ্গে বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
কসমিক ডেস্ক