নওগাঁ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো স্নাতক ভর্তি কার্যক্রম শুরু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো স্নাতক ভর্তি কার্যক্রম শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 7, 2026 ইং
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো স্নাতক ভর্তি কার্যক্রম শুরু ছবির ক্যাপশন: প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো নওগাঁ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ২০২৫–২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছ পদ্ধতির মাধ্যমে অনলাইনে ও সরাসরি কাগজপত্র জমার মাধ্যমে এই ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো নওগাঁ বিশ্ববিদ্যালয়-এ স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৮ জুন) থেকে বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি কার্যক্রম চালু হয়, যা নতুন শিক্ষাবর্ষের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম জিএসটি (GST) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। পছন্দক্রম ও মেধাক্রম অনুযায়ী ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটে বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আলাউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক ভর্তি কার্যক্রম ৮ জুন দুপুর ১২টা থেকে ১০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীদের জিএসটি ভর্তি পরীক্ষার ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে হবে।

অনলাইন প্রক্রিয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নির্দিষ্ট কাগজপত্র সরাসরি বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র, প্রয়োজনীয় কাগজপত্র এবং ৫ হাজার টাকা প্রাথমিক ভর্তি ফি জমাদানের রশিদ একটি এ-৪ সাইজের খামে সংযুক্ত করে জমা দিতে হবে। খামের ওপর আবেদনকারীর নাম এবং জিএসটি রোল নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের শিক্ষার্থীরা ৮ জুন থেকে ১১ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের তৃতীয় তলার ৩১০ নম্বর কক্ষে কাগজপত্র জমা দিতে পারবে। জমা দেওয়ার পর সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীর স্বাক্ষর ও সিলযুক্ত একনলেজমেন্ট স্লিপ সংগ্রহ করতে হবে। পরবর্তীতে মূল নম্বরপত্র ফেরত নেওয়ার সময় এই স্লিপ প্রদর্শন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আলাউদ্দিন বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। তিনি আরও বলেন, ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর খুব দ্রুতই শ্রেণি কার্যক্রম শুরু করা হবে, যাতে শিক্ষার্থীরা সময়মতো একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের এই যাত্রা জেলার ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল মাইলফলক। ২০২৩ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় একসময় ছিল কেবল একটি স্বপ্ন, যা নানা প্রতিকূলতা ও অনিশ্চয়তা পেরিয়ে আজ বাস্তব রূপ নিয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়টি শুধু ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হবে না, বরং এটি জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন, গবেষণা এবং মানবিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এখান থেকে দক্ষ প্রশাসক, আইনজ্ঞ, উদ্যোক্তা, গবেষক এবং মানবকল্যাণে নিবেদিত নাগরিক তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে, প্রথমবারের এই ভর্তি কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে নওগাঁ বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় নতুন একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে সক্ষম হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্নে জেন-জির ব্যতিক্রমী উদ্যোগ

মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্নে জেন-জির ব্যতিক্রমী উদ্যোগ