১০ কেজির বদলে ৫ কেজি চাল, রামগতিতে ক্ষোভ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

১০ কেজির বদলে ৫ কেজি চাল, রামগতিতে ক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : May 25, 2026 ইং
১০ কেজির বদলে ৫ কেজি চাল, রামগতিতে ক্ষোভ ছবির ক্যাপশন: লক্ষ্মীপুরের রামগতিতে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়ন পরিষদে ভিজিএফ (VGF) কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ দেওয়া চাল নিয়ে এই অভিযোগ উঠেছে।

স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা যায়, এ বছর ঈদ উপলক্ষে চরপোড়াগাছা ইউনিয়নে মোট ৫ হাজার ৬৫০ জন হতদরিদ্র পরিবারের জন্য ৫৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেয় সরকার। নিয়ম অনুযায়ী প্রত্যেক সুবিধাভোগীর জন্য ১০ কেজি করে চাল বিতরণ করার কথা ছিল।

নিয়ম অনুযায়ী ওয়ার্ডভিত্তিক তালিকা তৈরি করে টোকেনের মাধ্যমে এই চাল বিতরণ করা হয়। সোমবার নির্ধারিত সময়ে টোকেন জমা দিয়ে চাল সংগ্রহ করতে আসেন হতদরিদ্ররা।

তবে অভিযোগ উঠেছে, অনেককে নির্ধারিত ১০ কেজির পরিবর্তে ৫ থেকে ৭ কেজি করে চাল দেওয়া হয়েছে। এতে উপকারভোগীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কম চাল পাওয়ায় হতাশা প্রকাশ করেন।

রুনা আক্তার ও আলিয়া বেগম নামে দুইজন সুবিধাভোগী জানান, সরকারের পক্ষ থেকে ১০ কেজি চাল বরাদ্দ থাকলেও তারা মাত্র ৫ কেজি করে পেয়েছেন। একই ধরনের অভিযোগ করেন আতরের জামান ও আব্দুল মন্নাছসহ আরও অনেকে।

তারা বলেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও পুরো বরাদ্দ না পাওয়ায় তারা ক্ষুব্ধ এবং এ ধরনের অনিয়ম দুঃখজনক।

অন্যদিকে চরপোড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন হাওলাদার চাল কম দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, কার্ডধারীদের বাইরে আরও অনেক অসহায় মানুষ এসেছে, তাদেরও কিছু সহযোগিতা করতে হয়েছে। তাই কিছুটা মাপে কম দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে বিভিন্ন মাধ্যমে তিনি অবগত হয়েছেন। তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে এবং স্থানীয়রা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মুন্সীগঞ্জে পাখি শিকার: ৬ জনকে অর্থদণ্ড ও সতর্কবার্তা

মুন্সীগঞ্জে পাখি শিকার: ৬ জনকে অর্থদণ্ড ও সতর্কবার্তা