চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জন বাংলাদেশিকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দ্রুত ও সতর্ক পদক্ষেপের কারণে সেই প্রচেষ্টা সফল হয়নি। বর্তমানে ওই ব্যক্তিরা দুই দেশের মধ্যবর্তী শূন্য রেখা বা নো-ম্যানস ল্যান্ড এলাকায় অবস্থান করছেন।
সীমান্ত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৩টার দিকে বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৩/৬-আর সংলগ্ন অংশ দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়।
পুশ-ইনের শিকার ব্যক্তিদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে বলে জানা গেছে। তাদের পরিচয় ও কী কারণে তারা সীমান্তে অবস্থান করছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বাঙ্গাবাড়ি বিওপির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে যায়। বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের মধ্যে অবস্থান করতে দেখে এবং তাদের বাংলাদেশে প্রবেশ করতে বাধা দেয়। ফলে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়।
সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, সীমান্ত এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের সদস্য সংখ্যা বৃদ্ধি করেছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছে। এতে যেকোনো সময় পুনরায় পুশ-ইনের চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে। সীমান্তের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে যাতে কোনো ধরনের অনুপ্রবেশ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রস্তুত রয়েছে সীমান্তরক্ষী বাহিনী।
ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি