আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। ১১ জুন শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ। এবারই প্রথম ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা, যার আয়োজক তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
বিশ্বকাপ শুরুর আগে অংশগ্রহণকারী দলগুলোর সম্ভাবনা এবং গ্রুপভিত্তিক চিত্র নিয়ে বিশ্লেষণ প্রকাশ করেছে অপ্টা সুপারকম্পিউটার। তাদের মূল্যায়নে ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেনকে এবারের বিশ্বকাপ জয়ের সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে ধরা হয়েছে।
অপ্টার পূর্বাভাস অনুযায়ী, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ২০২২ বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স এবং ইউরোপের অন্যতম শক্তিশালী দল ইংল্যান্ডও শিরোপা জয়ের দৌড়ে রয়েছে। তবে সম্ভাবনার হিসাব-নিকাশে সবার ওপরে রাখা হয়েছে স্পেনকে।
এবারের বিশ্বকাপে ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে ৪৮টি দল। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি নকআউট পর্বে জায়গা করে নেবে। এছাড়া তৃতীয় স্থান পাওয়া দলগুলোর মধ্যে সেরা আটটি দলও সুযোগ পাবে নতুন সংযোজিত শেষ ৩২ পর্বে।
গ্রুপ ‘এ’-তে রয়েছে স্বাগতিক মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া এবং চেকিয়া। অপ্টার বিশ্লেষণ অনুযায়ী, এই গ্রুপ থেকে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া সরাসরি পরবর্তী পর্বে জায়গা করে নিতে পারে।
গ্রুপ ‘বি’-তে স্বাগতিক কানাডার সঙ্গে রয়েছে বসনিয়া-হার্জেগোভিনা, কাতার এবং সুইজারল্যান্ড। অপ্টা এই গ্রুপে কানাডাকেই শীর্ষস্থান অর্জনের সম্ভাব্য দল হিসেবে দেখছে।
গ্রুপ ‘সি’-তে রয়েছে ব্রাজিল। তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড। বিশ্লেষণে ব্রাজিলকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ধরা হয়েছে, আর দ্বিতীয় স্থানে থাকতে পারে মরক্কো।
অন্যদিকে গ্রুপ ‘ডি’-তে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলবে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও তুরস্ক। অপ্টার মতে, এই গ্রুপে যুক্তরাষ্ট্র শীর্ষস্থান ধরে রাখতে পারে। তবে তুরস্কের জন্য নকআউট পর্বে পৌঁছানো কঠিন হতে পারে।
গ্রুপ ‘ই’-তে চমক দেখানোর সম্ভাব্য দল হিসেবে কুরাসাওর নাম উল্লেখ করেছে অপ্টা। জার্মানির সঙ্গে তারাও সরাসরি নকআউট পর্বে জায়গা করে নিতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
গ্রুপ ‘এফ’ থেকে নেদারল্যান্ডস এবং জাপানকে পরবর্তী পর্বে ওঠার সম্ভাব্য দল হিসেবে ধরা হয়েছে।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে গ্রুপ ‘জে’-তে। তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। অন্যদিকে ইংল্যান্ড খেলবে গ্রুপ ‘এল’-এ, যেখানে তাদের সঙ্গে রয়েছে ক্রোয়েশিয়া, ঘানা এবং পানামা।
এবারের বিশ্বকাপের অন্যতম আকর্ষণ হতে পারেন ফুটবলের দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে তারা দুজনই নিজেদের ক্যারিয়ারে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবেন। ফলে তাদের পারফরম্যান্স নিয়েও সমর্থকদের আগ্রহ থাকবে তুঙ্গে।
যদিও অপ্টা সুপারকম্পিউটারের বিশ্লেষণে স্পেনকে সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে, তবুও বিশ্বকাপ সবসময়ই অনিশ্চয়তার মঞ্চ। অতীতের মতো এবারও কোনো অপ্রত্যাশিত দল চমক দেখাতে পারে। তাই ১১ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হওয়া এই বৈশ্বিক ফুটবল উৎসবে প্রতিটি ম্যাচই হতে পারে নতুন গল্পের জন্মদাতা।
কসমিক ডেস্ক