দুর্নীতি ও দুঃশাসনমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে এ ধরনের বড় সামাজিক সমস্যা সমাধান সম্ভব নয়; বরং প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শনিবার (২ মে) সন্ধ্যায় দিনাজপুর শহরের গোর-এ শহীদ বড় ময়দানে আয়োজিত ১৯তম বাণিজ্য মেলা ২০২৫-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মন্ত্রী মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশনাও দেন।
মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, কেবলমাত্র আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ ক্ষেত্রে পরিবার, সমাজ ও বিশেষ করে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি আরও জানান, দিনাজপুর শহরের অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। একইসঙ্গে বেগম খালেদা জিয়ার জন্মস্থান উন্নয়নের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি সন্তোষজনক না হলেও তা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।
দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মো. আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।
উদ্বোধনের আগে মন্ত্রী অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে মাসব্যাপী বাণিজ্য মেলার আনুষ্ঠানিক সূচনা করেন। পরে মনোমুগ্ধকর আতশবাজির প্রদর্শনী দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে, যা অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
কসমিক ডেস্ক