নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ‘২য় ছোটদের বাংলা বইমেলা’ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ‘২য় ছোটদের বাংলা বইমেলা’

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2026 ইং
নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ‘২য় ছোটদের বাংলা বইমেলা’ ছবির ক্যাপশন: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ‘২য় ছোটদের বাংলা বইমেলা’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সাহিত্য চর্চা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘২য় নিউইয়র্ক ছোটদের বাংলা বইমেলা–২০২৬’। গত ৩০ মে (শনিবার) জ্যামাইকার শাহী কিচেন মিলনায়তনে দিনব্যাপী এই বর্ণাঢ্য বইমেলা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই আয়োজনে প্রবাসী বাঙালিদের অংশগ্রহণে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।

মেলা প্রাঙ্গণে বই প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি ছিল লেখক-পাঠক আড্ডা, গল্প বলা, ছড়া-কবিতা আবৃত্তি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুদের অংশগ্রহণ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। তারা গল্প বলা ও কবিতা আবৃত্তির মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে এবং বই পড়ার প্রতি আগ্রহ প্রকাশ করে।

এবারের মেলার মূল আকর্ষণ ছিলেন চারজন জনপ্রিয় লেখক—কাজী জহিরুল ইসলাম, ডা. সজল আশফাক, আলম সিদ্দিকী এবং আশিক মুস্তাফা। শাহী কিচেনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে নিউইয়র্ক প্রবাসী বিপুলসংখ্যক বাঙালি পরিবারসহ সাহিত্যপ্রেমীরা অংশ নেন।

মেলার অন্যতম বিশেষ আকর্ষণ ছিল লেখক আশিক মুস্তাফার নতুন বই ‘One Little Mother’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান। পাশাপাশি ৯০-এর দশকের ঐতিহ্যবাহী খেলনা ও বিভিন্ন ছবি সংবলিত পোস্টকার্ড প্রদর্শনী দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। বিশেষ করে শিশুদের মধ্যে এসব প্রদর্শনী ব্যাপক কৌতূহল সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব ও লেখক কাজী শামীম আহমেদ। তিনি বলেন, এই বইমেলা প্রবাসী নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজন সম্প্রসারণের আশা প্রকাশ করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী জহিরুল ইসলাম এবং ফারহানাজ শারমিন খান। কাজী জহিরুল ইসলাম বলেন, এই বইমেলা ধীরে ধীরে বড় পরিসরে রূপ নিচ্ছে এবং ভবিষ্যতে শিশুদের অংশগ্রহণ আরও বাড়ানোর সুযোগ তৈরি হবে। অন্যদিকে ফারহানাজ শারমিন খান প্রবাসী শিশুদের জন্য বাংলা বই ইংরেজি অনুবাদের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন, যাতে তারা সহজে বাংলা সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারে।

অনুষ্ঠানের একপর্যায়ে আমন্ত্রিত লেখকরা উপস্থিত পাঠকদের উদ্দেশ্যে বক্তব্য দেন এবং নিজেদের লেখা বই থেকে অংশবিশেষ পাঠ করে শোনান। এতে দর্শকদের মধ্যে গভীর আগ্রহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বইমেলার সমাপ্তি ঘটে। ফিরোজ মিয়া ও শাহনেওয়াজের পরিবেশনায় দেশাত্মবোধক ও নজরুলসংগীত অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। রাত ১০টায় সফল ও আনন্দঘন এই বইমেলার সমাপ্তি ঘোষণা করা হয়।

সভাপতির দায়িত্ব পালন করেন মিলড্রেড এলির চেয়ারপারসন কাজী শামীমা আক্তার শিমুল এবং অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আফরোজা আখতার মুন্নি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল মা ও ছেলের

পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল মা ও ছেলের