প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে অভিযোগ করে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, কোনো ধরনের পাতানো নির্বাচন হলে তার দল তা মেনে নেবে না।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১১টার দিকে জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে ইইউর ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল কার্যালয়ে আসে। ঘণ্টাব্যাপী ওই বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি, পরিবেশ এবং কোনো ধরনের হুমকি বা নিরাপত্তাজনিত ঝুঁকি রয়েছে কি না—এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আসন্ন নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’-এর ঘাটতি স্পষ্ট। তার অভিযোগ, প্রশাসনের উচ্চপর্যায়ের একটি অংশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। এই অবস্থার পরিবর্তন না হলে জামায়াত তাদের অবস্থান স্পষ্টভাবে জানাবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি নির্বাচন কমিশনকে দুর্বল মনে হচ্ছে মন্তব্য করে সংস্থাটিকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে প্রশাসনের তৎপরতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন, যাতে জনমনে আতঙ্ক তৈরি না হয়।
জামায়াতের এই নেতা আরও অভিযোগ করেন, দলটির নির্বাচনী কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে এবং হয়রানির পাশাপাশি অন্তত ১৫টি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এহসানুল মাহবুব জুবায়ের জানান, ইইউ ছাড়াও যুক্তরাজ্য ও তুরস্কসহ আরও কয়েকটি বিদেশি নির্বাচন পর্যবেক্ষক দল শিগগিরই জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সাক্ষাৎ করবে।
কসমিক ডেস্ক