গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন কুদ্দুসনগরের কাঠালবাগান এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন মো. রাশেদ (৩৫) এবং মো. উজ্জ্বল মিয়া (৩৫)। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) একটি দল। অভিযানের পর মঙ্গলবার রাতে কোনাবাড়ী থানার ওসির কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ, উত্তর) এস এম শফিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল কাঁঠালবাগান এলাকায় রাশেদের বাড়িতে অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৬৪ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ১২ বোতল বিদেশি মদ। ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
পুলিশের ধারণা, এ মাদক চক্রটি স্থানীয় ও আশপাশের এলাকায় মাদক সরবরাহের সঙ্গে যুক্ত ছিল। তবে এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
জিএমপি কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, এই মাদক চক্রের পেছনে থাকা অন্যান্য সদস্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে। প্রয়োজনে আরও অভিযান চালানো হবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঠালবাগান এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু চক্র মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ ছিল। পুলিশের এ অভিযানে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং এ ধরনের অভিযান আরও বাড়ানোর দাবি জানিয়েছেন।
মাদকবিরোধী এ ধরনের অভিযানকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তাদের মতে, মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তাই এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
এই সফল অভিযানের মাধ্যমে পুলিশ আবারও মাদকবিরোধী কার্যক্রমে তাদের সক্রিয় অবস্থান তুলে ধরেছে। একই সঙ্গে সাধারণ মানুষকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।
কসমিক ডেস্ক