ভারতের রাজধানী নয়াদিল্লি-তে উড্ডয়নের সময় একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। রোববার (২৬ এপ্রিল) ভোরে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এ এই ঘটনা ঘটে।
জানা গেছে, বিমানটি সুইজারল্যান্ডের জুরিখের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। উড্ডয়নের সময় হঠাৎ ইঞ্জিনে আগুন দেখা দিলে দ্রুত জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে ফ্লাইটটি বাতিল করা হয় এবং যাত্রীদের নিরাপদে নামিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়।
তবে যাত্রীদের নামানোর সময় হুড়োহুড়ি ও আতঙ্কের মধ্যে অন্তত ছয়জন আহত হন। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বিমানে মোট ২২৮ জন যাত্রী ও ৪ শিশু ছিলেন বলে জানা গেছে।
বিমান সংস্থা Swiss Air এক বিবৃতিতে জানিয়েছে, এই ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। যাত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।
ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের একটি দল গঠন করা হয়েছে এবং দ্রুত তদন্ত শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।