দেশের কারাগারে ধর্মীয় ও নৈতিক শিক্ষা কার্যক্রমকে আরও বিস্তৃত করার লক্ষ্যে ১৩ হাজার ধর্মীয় ও নৈতিক বৈশিষ্ট্যসম্পন্ন বই প্রদান করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে এসব বই আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত হলে কারাবন্দিদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ ধরনের শিক্ষা কার্যক্রম বন্দিদের সংশোধন ও স্বাভাবিক জীবনে ফিরে যেতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে ধর্মীয় ও নৈতিক শিক্ষা কার্যক্রম চালু রয়েছে এবং পর্যায়ক্রমে তা দেশের সব কারাগারে সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রাথমিক পর্যায়ে সরবরাহ করা বইগুলোর মধ্যে রয়েছে কোরআন, হাদিস, বেদ, ভগবদ্গীতা, উপনিষদ, ত্রিপিটক, বাইবেল, ইঞ্জিল শরিফসহ বিভিন্ন ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক গ্রন্থ। এসব বই কারাগারে পাঠ্যাভ্যাস গড়ে তোলা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতে এ ধরনের আরও বই সরবরাহের পরিকল্পনার কথাও জানান ধর্ম উপদেষ্টা।
এ ছাড়া অল্প সময়ের মধ্যেই কারাগারে জায়নামাজ, টুপি, তসবিহসহ প্রয়োজনীয় ধর্মীয় উপকরণ সরবরাহ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
ইসলামিক ফাউন্ডেশন ছাড়াও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সহযোগী ও প্রকাশনা সংস্থা বিনামূল্যে এসব বই সরবরাহ করেছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন উপস্থিত ছিলেন।
কসমিক ডেস্ক