আরাকান আর্মির হাতে আটক ১৩ বাংলাদেশি জেলে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আরাকান আর্মির হাতে আটক ১৩ বাংলাদেশি জেলে

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 28, 2026 ইং
আরাকান আর্মির হাতে আটক ১৩ বাংলাদেশি জেলে ছবির ক্যাপশন:

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর মোহনা এলাকা থেকে ৩টি নৌকাসহ ১৩ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নিয়ে গেছে।

শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ঘোলারচর সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মাছ ধরতে গিয়ে এ ঘটনার শিকার হন জেলেরা।

অপহৃতদের সবাই টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা। তারা হলেন— মো. মোস্তাফিজুর রহমান (৪০), মো. ফরিদ হোসেন (৩০), মো. রবিউল হাসান (১৭), মো. কালাম (৩০), মো. হোসেন আম্মদ (৩৮), মো. মীর কাশেম আলী (৪০), মো. গিয়াস উদ্দিন, মো. সালাউদ্দিন (১৮), মো. মহিউদ্দিন (২২), মো. মলা কালু মিয়া (৫৫), মো. আবু তাহের (৪০), মো. আব্দুল খালেক ও মো. জাবের মিয়া (২৪)।

শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া জেলে সমিতির সভাপতি আব্দুল গফুর জানান, ভোর ৪টার দিকে বেশ কয়েকটি ইঞ্জিনচালিত নৌকা নাফ নদীর মোহনায় মাছ ধরতে যায়। সকাল সাড়ে ৭টার দিকে আরাকান আর্মির সদস্যরা স্পিডবোট নিয়ে এসে জেলেদের ধাওয়া করে। একপর্যায়ে তারা অস্ত্রের মুখে তিনটি নৌকাসহ ১৩ জন জেলেকে ধরে মিয়ানমারের দিকে নিয়ে যায়।

ঘটনার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম বলেন, আরাকান আর্মির ক্রমাগত হুমকির কারণে নাফ নদী ও সাগরে মাছ ধরা এখন খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে মৎস্যজীবী পরিবারগুলো চরম অনিশ্চয়তার মধ্যে পড়ছে। তিনি এ বিষয়ে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম জানান, এখনো জেলে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে মৌখিকভাবে বিষয়টি জানার পর অপহৃত জেলেদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবি কাজ শুরু করেছে।

স্থানীয় জেলে সমিতির তথ্য অনুযায়ী, গত দেড় বছরে সীমান্ত অতিক্রমের অভিযোগে চার শতাধিক জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর মধ্যে প্রায় আড়াই শতাধিক জেলেকে ফেরত আনা সম্ভব হলেও এখনো ১৭২ জন জেলে এবং ৩২টি ট্রলার রাখাইন রাজ্যের কারাগারে আটক রয়েছে।

সবশেষ গত ১৬ ফেব্রুয়ারি ৭৩ জন জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। তবে নতুন করে আবারও এই ধরনের ঘটনা ঘটায় সীমান্ত এলাকায় আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশু-নারী নির্যাতনকারীদের ছাড় নয়: সমাজকল্যাণমন্ত্রী

শিশু-নারী নির্যাতনকারীদের ছাড় নয়: সমাজকল্যাণমন্ত্রী