নাটোর জেলার সিংড়া উপজেলা-য় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার ডাহিয়া ইউনিয়নের পারিল গ্রামে এ সংঘর্ষ চলে। স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম ও আবুল কালাম পক্ষের লোকজন এতে জড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে সিরাজুল, আইনুল হক, আব্দুল আজিজ, শহিদুল, আসাদ, রুবেল, ফরহাদ, হাফিজ, শাকিল, রায়হান, হাসি বেগম, মাফুজুল, মুর্শেদুল, মহসিন, ইসলাম, রহিদুল, রব্বেল, রাব্বানী, সুমন, মিলন ও আলামিনসহ আরও কয়েকজন রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল দুই পক্ষের মধ্যে। শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমিতে ধান কাটার শ্রমিকদের জন্য ঘর নির্মাণকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
এতে নারীসহ অন্তত ৩০ জন আহত হন। আহতদের নাটোর সদর হাসপাতাল এবং সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
কসমিক ডেস্ক